কালবেলা · আন্তর্জাতিক
চীনকে মোকাবিলায় গুপ্তচর কর্মসূচির পরিকল্পনা যুক্তরাষ্ট্রের
২৩/১০/২০২৬

চীনসহ প্রতিদ্বন্দ্বী দেশগুলোর বিরুদ্ধে অর্থনৈতিক গোয়েন্দা তৎপরতা বাড়াতে গোপন গুপ্তচর কর্মসূচি গড়ার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদরদপ্তর পেন্টাগন। এ কর্মসূচির আওতায় মার্কিন গোয়েন্দারা বেসরকারি প্রতিষ্ঠানের ব্যবসায়ী বা কর্মকর্তা হিসেবে ছদ্মবেশ নেবেন এবং সরকারের সঙ্গে তাদের সম্পর্ক গোপন রাখবেন।
পরিকল্পনার বিষয়ে অবগত ছয় কর্মকর্তার বরাত দিয়ে এ খবর জানিয়েছে দ্য ওয়াশিংটন পোস্ট। ‘নন-অফিশিয়াল কভার অফিসারস’ (এনওসি) নামের কর্মসূচিটি এখনো পরিকল্পনার পর্যায়ে রয়েছে। এর তদারকির দায়িত্বে আছেন সিআইএর সাবেক কর্মকর্তা ও বর্তমানে উপ-প্রতিরক্ষামন্ত্রী স্টিভ ফেইনবার্গের জ্যেষ্ঠ উপদেষ্টা টম রাকুসান।
তবে পেন্টাগন এ ধরনের উদ্যোগের কথা অস্বীকার করেছে। উপ-প্রতিরক্ষামন্ত্রী জেকব ব্লিস বলেছেন, খবরটি সম্পূর্ণ মিথ্যা। সিআইএ এ বিষয়ে মন্তব্য করেনি।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন অর্থনৈতিক চাপকে কূটনীতির গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। গত সেপ্টেম্বরে সিআইএর উপপরিচালক মাইকেল এলিস জানান, কৃত্রিম বুদ্ধিমত্তা, জৈবপ্রযুক্তি ও উন্নত অর্ধপরিবাহী প্রযুক্তিতে কাজ করা চীনা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে গোয়েন্দা তৎপরতা বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র।
মূল প্রতিবেদনে যান ↗