
কেরানীগঞ্জে সিটিজেনস ব্যাংকের রুহিতপুর উপশাখা উদ্বোধন
ঢাকার কেরানীগঞ্জে সিটিজেনস ব্যাংক পিএলসির রুহিতপুর উপশাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। স্থানীয় উদ্যোক্তা ও গ্রাহকদের আধুনিক ব্যাংকিং সেবা দেওয়ার পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) ব্যবসা সম্প্রসারণে সহায়তা করার লক্ষ্যে এ উপশাখা চালু করেছে ব্যাংকটি।
সম্প্রতি আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপশাখাটির উদ্বোধন করেন সিটিজেনস ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক আলমগীর হোসেন।
অনুষ্ঠানে বক্তব্যে আলমগীর হোসেন বলেন, সিটিজেনস ব্যাংক ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা খাতকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। এ খাতের উদ্যোক্তাদের ব্যবসায়িক কার্যক্রম সহজ করা এবং সম্প্রসারণে সহায়তা করতে ব্যাংকটি কাস্টমাইজড অর্থায়ন সমাধান, কার্যকরী মূলধন সহায়তা, ট্রেড ফাইন্যান্স সুবিধা ও পরামর্শমূলক সেবা প্রদান করবে। এসব সেবার মাধ্যমে স্থানীয় উদ্যোক্তারা ব্যবসা পরিচালনায় দক্ষতা বাড়ানোর পাশাপাশি প্রতিযোগিতামূলক বাজারে নিজেদের অবস্থান শক্তিশালী করতে পারবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
তিনি আরও বলেন, খুচরা গ্রাহকদের জন্য বিভিন্ন ধরনের আমানত পণ্য, ভোক্তা ঋণ, রেমিট্যান্স সেবা ও আধুনিক ডিজিটাল ব্যাংকিং সুবিধা প্রদান করবে সিটিজেনস ব্যাংক। এসব সেবা গ্রাহকদের পরিবর্তনশীল আর্থিক চাহিদা পূরণের পাশাপাশি স্থানীয় পর্যায়ে সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে এলাকার আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তিবর্গ ও ব্যাংকের সম্মানিত গ্রাহকেরা উপস্থিত ছিলেন। এ সময় তাঁরা নিজেদের মতামত ও অভিজ্ঞতা বিনিময় করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিটিজেনস ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তাফিজুর রহমান ও মো. আবদুল লতিফসহ ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।
