ধর্ম-বর্ণ নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে একটি সুন্দর, সমৃদ্ধ ও প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ মঙ্গলবার দুপুরে রংপুর সদর উপজেলার পাগলাপীরে এক পথসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন।
প্রধানমন্ত্রী বলেন, ১২ তারিখের নির্বাচনের পর বাংলাদেশের মানুষ বিএনপিকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। সরকার পরিচালনার দায়িত্ব পাওয়ার পর থেকেই দেশের খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করা হচ্ছে। সমাজের প্রতিটি শ্রেণির মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের প্রয়োজনের বিষয়গুলো বিবেচনায় নিয়ে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।
কৃষকদের কল্যাণে সরকারের নেওয়া পদক্ষেপ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হয়েছে। পাশাপাশি ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালু করা হয়েছে। ইমাম, মুয়াজ্জিনসহ অন্যান্য সম্মানিত ব্যক্তিদের জন্যও ভাতার ব্যবস্থা করা হয়েছে। সমাজের সব শ্রেণির শ্রমজীবী ও সাধারণ মানুষের কল্যাণে সরকারের উদ্যোগ অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের উৎসবের প্রসঙ্গ তুলে ধরে তারেক রহমান বলেন, বাংলাদেশ সবার দেশ। এখানে সব ধর্মের মানুষের সমানভাবে দেশ গড়ার কাজে অংশ নেওয়ার সুযোগ ও দায়িত্ব রয়েছে। স্বাধীনতার সময় যেভাবে সব ধর্মের মানুষ একসঙ্গে দেশের জন্য কাজ করেছেন, তেমনি উন্নয়ন ও অগ্রগতির ক্ষেত্রেও সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
তিনি আরও বলেন, মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান—সবাই বাংলাদেশের নাগরিক। দেশের উন্নয়ন, শান্তি ও ভবিষ্যৎ নির্মাণে প্রত্যেকের ভূমিকা গুরুত্বপূর্ণ। পারস্পরিক সহযোগিতা, সম্প্রীতি ও সম্মিলিত পরিশ্রমের মাধ্যমে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
সব ধর্মের মানুষের অংশগ্রহণে প্রত্যাশিত বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সবাইকে একসঙ্গে কাজ করতে হবে এবং সম্মিলিত প্রচেষ্টায় দেশকে এগিয়ে নিতে হবে।
পরে তিনি সড়ক পথে রংপুরের ধর্মসভা রাধা গোবিন্দ মন্দিরের উদ্দেশে রওনা হন। এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধা, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহসভাপতি সংসদ সদস্য নিপুল রায় চৌধুরী, বিএনপির সহকারী সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ড, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন প্রমুখ।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
