বিশ্ববিখ্যাত স্পাই ফ্র্যাঞ্চাইজি ‘জেমস বন্ড’-এর পরবর্তী মুখ নির্বাচনে চূড়ান্ত পর্বের প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। নতুন ‘০০৭’ তারকা খোঁজার অংশ হিসেবে আগামী সপ্তাহ থেকেই স্ক্রিন টেস্ট নেওয়ার প্রস্তুতি গ্রহণ করেছে অ্যামাজন এমজিএম স্টুডিওস। বিনোদনবিষয়ক আন্তর্জাতিক গণমাধ্যম ‘ভ্যারাইটি’ এক প্রতিবেদনে নিশ্চিত করেছে যে, আইকনিক এই গুপ্তচর চরিত্রে অভিনয়ের দৌড়ে বর্তমানে সবচেয়ে এগিয়ে রয়েছেন দুই ব্রিটিশ অভিনেতা ক্যালাম টার্নার ও জ্যাক লোডেন। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের শেষ নাগাদ আনুষ্ঠানিকভাবে পরবর্তী জেমস বন্ডের নাম ঘোষণা করা হতে পারে।
নতুন বন্ড সিরিজের এই চলচ্চিত্রটি পরিচালনা করার কথা রয়েছে অস্কার মনোনীত খ্যাতনামা পরিচালক ডেনিস ভিলেনিউভের। পুরো কাস্টিং ও অডিশন প্রক্রিয়ার তদারকি করছেন চলচ্চিত্র অঙ্গনের খ্যাতিমান কাস্টিং ডিরেক্টর নিনা গোল্ড। তবে চরিত্রটিতে চূড়ান্ত অন্তর্ভুক্তি নিয়ে প্রযোজনা সংস্থা কিংবা আলোচনায় থাকা দুই অভিনেতার প্রতিনিধির পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
জনপ্রিয় থ্রিলার সিরিজ ‘স্লো হর্সেস’-এ অভিনয়ের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে দারুণ নজর কাড়া স্কটিশ তারকা জ্যাক লোডেনকে নিয়ে আলোচনা বেশ জোরদার হয়েছে। ওই সিরিজের সহ-অভিনেতা গ্যারি ওল্ডম্যানও ইঙ্গিত দিয়েছিলেন যে, লোডেন নতুন বন্ডের সংক্ষিপ্ত তালিকায় শক্ত অবস্থানে রয়েছেন। তবে সম্ভাব্য এই চরিত্রের বিষয়ে তাঁর স্ত্রী ও প্রখ্যাত অভিনেত্রী সায়োরসি রোনান জানিয়েছেন, বিষয়টি এখনো তাঁদের পারিবারিকভাবে আলোচনার বিষয় হয়ে ওঠেনি।
অন্যদিকে, চলতি বছরের শুরু থেকেই জেমস বন্ড চরিত্রে অভিনয়ের অন্যতম শীর্ষ দাবিদার হিসেবে নাম আলোচনায় আসছে অভিনেতা ক্যালাম টার্নারের। এমনকি তাঁর স্ত্রী ও জনপ্রিয় পপ তারকা দুয়া লিপা নতুন বন্ড চলচ্চিত্রের থিম সং পরিবেশন করবেন বলেও গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। তবে সম্প্রতি বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সাংবাদিকদের পক্ষ থেকে বন্ড চরিত্রের ব্যাপারে জানতে চাওয়া হলে কোনো মন্তব্য না করে কেবল রহস্যজনক এক হাসি দিয়ে বিষয়টি এড়িয়ে যান টার্নার।
