পটুয়াখালীর কলাপাড়ায় বসতঘরে ঘুমিয়ে থাকা বাবার কোল থেকে রায়হান নামে ১০ মাস বয়সী এক শিশু নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোরে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ঘুটাবাছা গ্রামে এ ঘটনা ঘটে। নিখোঁজ শিশুটি ওই গ্রামের রাসেল খানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টার দিকে রাসেল খান তাঁর শিশুসন্তানকে নিয়ে বসতঘরে ঘুমিয়ে ছিলেন। এ সময় তাঁর স্ত্রী রুমা বেগম ঘরের বাইরে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও লেপার কাজে ব্যস্ত ছিলেন। কিছুক্ষণ পর ঘরে ফিরে সন্তানকে দেখতে না পেয়ে তিনি রাসেলকে ডেকে তোলেন।
পরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও শিশুটির সন্ধান পাননি। একপর্যায়ে পুকুরে পানি সেচে তল্লাশি চালানো হয়। পাশাপাশি এলাকায় মাইকিং করে শিশুটির খোঁজ করা হচ্ছে।
শিশুটি নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শিশুটি নিখোঁজ হওয়ার ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
এমএস/
