ভারতের দিল্লিতে এক গ্রাহকের সঙ্গে ১০ রূপির ছেঁড়া নোট নিয়ে দ্বন্দ্বের জেরে ফ্লিপকার্টের এক ডেলিভারি রাইডার বিষপানে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। মৃত্যুর আগে, তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বর্ণনা দিয়ে ওই ডেলিভারি রাইডার একটি ভিডিও রেকর্ড করে যান। এতে তিনি পুলিশের অভিযোগ আমলে নেওয়া নিয়ে গাফিলতির কথা উল্লেখ করে আত্মহত্যার হুমকি দিয়েছিলেন।
সামির হুসেইন সাইফি নামের ওই ডেলিভারি রাইডার দিল্লির কল্যাণপুরিতে কাজ করতেন। বিষপানের পর ১৬ দিন চিকিৎসাধীন থেকে তিনি মঙ্গলবার (২০ অক্টোবর) মারা যান।
বিজ্ঞাপন
তার প্রকাশিত সর্বশেষ ভিডিওতে সামির অভিযোগ করেন, কথা কাটাকাটির সময় গ্রাহক তাকে চড় মারেন। এ নিয়ে অভিযোগ জানানোর পরও পুলিশ কার্যকর ব্যবস্থা নেয়নি বলে দাবি করেন তিনি। জীবিকা অর্জন করতে গিয়ে এমন হীন আচরণের শিকার হওয়া নিয়ে হতাশাও প্রকাশ করেন সামির।
ভিডিওতে সামির জানান, অক্টোবরের ৪ তারিখ রাত সাড়ে ১১টার দিকে তিনি একটি পণ্য ডেলিভারি দিতে গিয়েছিলেন। এরপর গ্রাহকের তাকে দেওয়া একটি ছেঁড়া ১০ রূপির নোট নিয়ে তাদের মধ্যে বিতর্ক হয়।
বিজ্ঞাপন
সামির আরও জানান, তিনি তখনই গ্রাহককে ওই ছেঁড়া নোটটি পালটে দিতে বলেছিলেন। কিন্তু অনুরোধ উপেক্ষা করে তার সঙ্গে বাজে ব্যবহার করা হয় এবং তাকে শারীরিকভাবে আক্রমণ করা হয়।
এক পর্যায়ে ওই গ্রাহক সামিরকে তিনবার চড় মারেন বলে ভিডিওতে দাবি করেন সামির। আঘাত করার সময় ওই গ্রাহক তার রাজনৈতিক পরিচয় নিয়ে দম্ভ করছিলেন বলেও সামিরের ভিডিও থেকে জানা যায়।
এই ডেলিভারি রাইডার জানান, ওই গ্রাহক যখন তার আর্থিক ও সামাজিক অবস্থান নিয়ে তাকে কথা শোনান তখনই সবচেয়ে অপমানিত বোধ করেন তিনি। সামির বলেন, শুধু এই জিনিসটা নিয়েই আমার খারাপ লাগা রয়ে গেছে। আমি কঠোর পরিশ্রম করছি। ভালো কাজ করছি। কিন্তু মানুষ আমাকে গরিব বলে অপমান করছে।
বিজ্ঞাপন
ভিডিওতে তিনি আরও বলেন, ওই গ্রাহক যখন আমাকে মারছিলেন তখন সামনে আরও অনেক মানুষ ছিল। তারা কিছু বলতে পারতেন, কিন্তু তারা কিছুই বলেননি। ওই লোক চড়টা আমার হৃদয়ে মেরেছেন।
প্রকাশিত ভিডিওতে পুলিশের কার্যক্রম নিয়েও হতাশা প্রকাশ করেন সামির। তিনি বলেন, আমি জানি, পুলিশ কিছুই করবে না। কারণ আমার অর্থ নেই।
বিজ্ঞাপন
এরপর তিনি হুমকি দিয়ে বলেন, আমি আপনাদের ২৪ ঘণ্টা সময় দিচ্ছি। আমার আবেদন যদি শোনা না হয়, তাহলে আমি বিষ খাবো।
পরে অক্টোবরের ৫ তারিখ সামির বিষপান করেন।
সূত্র: ইন্ডিয়া টুডে
এএমএ
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
