একদিনে দেশের তিন বিভাগ রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফর করবেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আগামী মঙ্গলবার (২০ অক্টোবর) তিনটি পূজামণ্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানাবেন তিনি। এ সফর ঘিরে শুরু হয়েছে প্রস্তুতি।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত সফরসূচি অনুযায়ী, ২০ অক্টোবর সামরিক বিমানে তেজগাঁও বিমানবন্দর থেকে সৈয়দপুর বিমানবন্দরে যাবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে তিনি রংপুরের ধর্মসভা (রাধা গোবিন্দ মন্দির) পূজামণ্ডপ পরিদর্শন করবেন।
এরপর সৈয়দপুর বিমানবন্দর থেকে রাজশাহীর হযরত শাহ মখদুম (রহ.) বিমানবন্দরে পৌঁছাবেন তিনি। দুপুর দেড়টায় রাজশাহী ধর্মসভা মন্দির পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। পরে রাজশাহী সার্কিট হাউসে কিছুক্ষণ অবস্থান করবেন।
সংক্ষিপ্ত এ সফরে রাজশাহীতে একটি জনসভায়ও বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। বেলা ৩টায় নগরের ঐতিহাসিক মাদ্রাসা মাঠে এ জনসভা অনুষ্ঠিত হবে।
জনসভা শেষে রাজশাহীর হযরত শাহ মখদুম (রহ.) বিমানবন্দর থেকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে যাবেন তারেক রহমান। সন্ধ্যায় চট্টগ্রামের রহমতগঞ্জের জে এম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করবেন তিনি। এরপর চট্টগ্রাম সার্কিট হাউসে কিছুক্ষণ অবস্থান করে রাতে বিমানযোগে ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী।
