দেশের প্রথম অফশোর ব্যাংকিং ডেবিট কার্ড চালু করল পূবালী ব্যাংক এবং মাস্টারকার্ড বাংলাদেশের ব্যাংকিং খাতে নতুন মাইলফলক হিসেবে দেশের প্রথম অফশোর ব্যাংকিং ডেবিট কার্ড চালু করেছে পূবালী ব্যাংক পিএলসি ও মাস্টারকার্ড। প্রবাসী বাংলাদেশি (এনআরবি) ও বিদেশি নাগরিকেরা এখন তাদের অফশোর ব্যাংকিং হিসাবের অর্থ আরও সহজ, নিরাপদ ও সুবিধাজনকভাবে ব্যবহার করতে পারবেন। একই সঙ্গে অনুমোদিত বৈদেশিক মুদ্রায় আন্তর্জাতিক লেনদেন, কেনাকাটা ও ভ্রমণসংক্রান্ত বিভিন্ন সুবিধাও পাবেন। গতকাল বুধবার বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশে অফশোর ব্যাংকিং সেবায় প্রথমবারের মতো এমন একটি আন্তর্জাতিক ডেবিট কার্ড যুক্ত হওয়ায় গ্রাহকেরা তাদের অফশোর হিসাবের অর্থ সরাসরি দৈনন্দিন আন্তর্জাতিক লেনদেনে ব্যবহার করতে পারবেন। ফলে অফশোর ব্যাংকিং সেবা আরও ডিজিটাল, ব্যবহারবান্ধব এবং আন্তর্জাতিকভাবে সংযুক্ত হওয়ার সুযোগ তৈরি হয়েছে। বিশেষ করে প্রবাসী বাংলাদেশি ও আন্তর্জাতিক গ্রাহকদের পরিবর্তিত আর্থিক চাহিদা পূরণে এটি একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।
পূবালী ব্যাংকের অফশোর ব্যাংকিং ইউনিটের গ্রাহকদের জন্য বিশেষভাবে চালু করা হয়েছে ওয়ার্ল্ড মাস্টার ডেভিড কার্ড। এটি মার্কিন ডলারসহ অন্যান্য অনুমোদিত বৈদেশিক মুদ্রায় পরিচালিত অফশোর সঞ্চয়ী ও চলতি হিসাবের সঙ্গে যুক্ত করা যাবে। কার্ডটি দিয়ে নিরাপদে অনলাইন কেনাকাটা, পয়েন্ট অব সেল মেশিনে পেমেন্ট এবং অন্যান্য আন্তর্জাতিক লেনদেন করা যাবে। কার্ডহোল্ডাররা আন্তর্জাতিক ভ্রমণেও বিশেষ সুবিধা পাবেন।
মাস্টারকার্ডের নলেজকি প্রোগ্রামের আওতায় একজন অতিথিসহ বছরে তিনবার বিনা মূল্যে আন্তর্জাতিক বিমানবন্দরের লাউঞ্জ ব্যবহার করতে পারবেন। এ ছাড়া ঢাকার বলাকা এক্সিকিউটিভ লাউঞ্জে একজন অতিথিসহ বছরে দুবার বিনা মূল্যে প্রবেশের সুযোগ থাকবে। পাশাপাশি দেশের অভ্যন্তরীণ বিমানবন্দরগুলোর লাউঞ্জে সারা বছর একজন অতিথিসহ বিনা মূল্যে প্রবেশ করতে পারবেন।
কার্ডটির উদ্বোধনী অনুষ্ঠানে পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী বলেন, প্রবাসী বাংলাদেশি ও আন্তর্জাতিক গ্রাহকদের পরিবর্তিত চাহিদা পূরণে আমরা অফশোর ব্যাংকিং কার্যক্রম আরও শক্তিশালী করতে কাজ করছি। বাংলাদেশের প্রথম অফশোর ব্যাংকিং ডেবিট কার্ড চালু হওয়া এ ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। পূবালী ব্যাংক মাস্টারকার্ড অফশোর ব্যাংকিং ওয়ার্ল্ড ডেবিট কার্ডের মাধ্যমে গ্রাহকেরা বৈদেশিক মুদ্রায় লেনদেনের সুবিধা, সহজ পেমেন্টের ব্যবস্থা এবং ভ্রমণসংক্রান্ত বিভিন্ন সুবিধা পাবেন। এর ফলে অফশোর ব্যাংকিং সেবা আরও সহজ ও ব্যবহারবান্ধব হবে।
মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জাকিয়া সুলতানা বলেন, ব্যবসা-বাণিজ্য, ভ্রমণ ও আর্থিক যোগাযোগ ক্রমেই আন্তর্জাতিক পরিসরে বিস্তৃত হচ্ছে। ফলে গ্রাহকেরাও এমন ব্যাংকিং সেবা চান, যার মাধ্যমে সহজে এক দেশ থেকে অন্য দেশে লেনদেন করা যায়। বাংলাদেশের প্রথম অফশোর ব্যাংকিং ডেবিট কার্ড চালু করতে সহযোগিতা করা আরও সহজ, নিরাপদ ও নিরবচ্ছিন্ন আর্থিক সেবা নিশ্চিত করার প্রতি মাস্টারকার্ডের অঙ্গীকারের প্রতিফলন।
তিনি বলেন, মাস্টারকার্ডের বৈশ্বিক নেটওয়ার্ক, আধুনিক প্রযুক্তি ও নির্ভরযোগ্য পেমেন্ট ব্যবস্থার মাধ্যমে কার্ডহোল্ডাররা বিশ্বের যেখানেই থাকুন না কেন, আরও সহজে তাদের অর্থ ব্যবহার ও পরিচালনা করতে পারবেন।
