দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
আপডেট :
২২ অক্টোবর ২০২৬, ১৭: ১৮
কুমিল্লার দেবিদ্বারে নিখোঁজের তিন দিন পর পুকুর থেকে আব্দুল খালেক (৬৫) নামের এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার ধামতী ইউনিয়নের দক্ষিণখাড় গ্রামের আলী আজ্জমের বাড়ির পাশের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় লোকজন জানান, সকালে আলী আজ্জমের বসতঘরের পাশের পুকুরে মানুষের মতো কিছু ভাসতে দেখেন পথচারীরা। পরে তাঁরা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করেন।
খবর পেয়ে দেবিদ্বার থানার পরিদর্শক (তদন্ত) ইমাম হাসান ও উপপরিদর্শক সাগর বড়ুয়ার নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহত আব্দুল খালেক ধামতী ইউনিয়নের দক্ষিণখাড় গ্রামের জমিরউদ্দীনের বাড়ির মৃত জুনাব আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার রাতে খালেক মিয়া নিখোঁজ হন। ছেলে সোহাগ মিয়া বাবার মরদেহ শনাক্ত করেছেন।
সোহাগ মিয়া জানান, তাঁর বাবা গত সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে একই গ্রামের নশু মার্কেটের চিকিৎসক আলমের ফার্মেসি থেকে ওষুধ কিনে বাড়ি ফেরার পথে নিখোঁজ হন। আজ পুকুর থেকে তাঁর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, মরদেহ উদ্ধারের পরও নিহত ব্যক্তির হাতের মুঠোয় একটি টর্চলাইট পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হার্ট অ্যাটাক করে পানিতে পড়ে তাঁর মৃত্যু হয়েছে।
ওসি আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

