ভারতের গুরুগ্রামের এক অভিজাত আবাসিক এলাকায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করার পর নিজ ফ্ল্যাটে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন ৩০ বছর বয়সী এক সফটওয়্যার প্রকৌশলী। তবে আত্মহত্যার ঠিক আগে নিজের কর্মস্থলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে একটি ইমেইল বার্তা পাঠিয়েছেন ওই প্রকৌশলী, যেখানে তার বাবা ও ফ্ল্যাট মালিককে বিষয়টি জানানোর জন্য অনুরোধ করা হয়। খবর এনডিটিভির।
গত ১৫ অক্টোবর সকাল সাড়ে ১০টার দিকে গুরুগ্রামের সেক্টর ৬৮-এর ‘এমথ্রিএম মেরিনা’ অ্যাপার্টমেন্টের একটি ফ্ল্যাট থেকে ওই দম্পতির মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহতদের পরিচয় শনাক্ত করে পুলিশ জানায়, নিহত যুবকের নাম মোহাম্মদ আসলাম (৩০), যিনি পেশায় গুরুগ্রামের একটি আইটি প্রতিষ্ঠানের সফটওয়্যার প্রকৌশলী ছিলেন। তার বাড়ি বেঙ্গালুরুতে। অন্যদিকে তার স্ত্রী ফারহানা (২৮) একজন গৃহিণী ছিলেন, যার বাড়ি কেরালায়।
ঘটনার তদন্তে নেমে পুলিশ কর্মকর্তা জানান, আসলাম আত্মহত্যা করার পূর্বে তার কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাদের একটি শেষ ইমেইল বার্তা পাঠান। সেই বার্তায় তিনি নিজের জীবন শেষ করার সিদ্ধান্তের কথা জানিয়ে বাবা ও বাড়িওয়ালার মোবাইল নম্বর যুক্ত করে তাদের খবর দেওয়ার মিনতি জানান।
ইমেইল পাওয়ার পর কোম্পানি কর্তৃপক্ষ অনতিবিলম্বে ফ্ল্যাট মালিকের সঙ্গে যোগাযোগ করে ও পুলিশকে বিষয়টি অবহিত করে। তবে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তাদের মৃত্যু হয়।
ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে ফরেনসিক টিম। পুলিশের প্রাথমিক ধারণায়, আসলাম প্রথমে তার স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করেন এবং পরে নিজে ফ্যানের হুকের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তবে হত্যাকাণ্ডের মূল কারণ এখনো জানা যায়নি।
