ভোলার বোরহানউদ্দিনে নানা বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আবু বকর নামে আট বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার সাচড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবু বকর বোরহানউদ্দিন উপজেলার দেউলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শহিদুল হক কাজির ছেলে। সে দীর্ঘদিন ধরে বাবা-মায়ের সঙ্গে ঢাকায় বসবাস করত।
পরিবার সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৮টার দিকে মামা ইমনের সঙ্গে ঢাকা থেকে নানা ছিঠু খানের বাড়িতে বেড়াতে আসে আবু বকর। সকাল ১১টার দিকে বাড়ির পাশের পুকুরে মাছ ধরার দৃশ্য দেখতে যায় সে। এরপর বেশ কিছুক্ষণ পার হলেও তার সন্ধান পাওয়া যাচ্ছিল না।
পরিবারের সদস্যরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে শিশুটির নিথর দেহ ভেসে উঠতে দেখেন তারা। পরে তাকে উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নানা বাড়িতে বেড়াতে এসে শিশুটির এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সাচড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কয়ছর আহমেদ পরী।
