নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে জিতে পাঁচ ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে ভারত। নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসে সর্বোচ্চ ২২৫ রানের লক্ষ্য তাড়ায় জিতে তারা রেকর্ড জয়ের পর দুঃসংবাদ পেয়েছে। তারকা ব্যাটার ইশান কিষাণ ইনজুরির জন্য ছিটকে গেছেন পরের ম্যাচ থেকে।
শনিবার ক্রাইস্টচার্চে দ্বিতীয় টি-টোয়েন্টিতে লড়বে ভারত ও নিউজিল্যান্ড। ওই ম্যাচ থেকে কিষাণের ছিটকে পড়ার খবর জানিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড বিসিসিআই। গতকাল প্রথম ম্যাচের মাঝেই ডান অ্যাডাক্টরে চোট পান বাঁ-হাতি এই উইকেটরক্ষক ব্যাটার। যে কারণে তার পরিবর্তে তিন নম্বর পজিশনে তিলক ভার্মা ব্যাটিংয়ে নেমেছিলেন। যদিও দুজনেই ব্যাট হাতে বলার মতো কিছু করতে পারেননি।
ইশান কিষাণের ইনজুরি নিয়ে বিসিসিআই জানিয়েছে, লো গ্রেড রাইট অ্যাডাক্টর স্ট্রেইনের কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি থেকে বাদ পড়েছেন কিষাণ। প্রথম ম্যাচ চলাকালে তিনি ওই আঘাত পান। তার অবস্থার অগ্রগতি পর্যবেক্ষণ করছে বিসিসিআইয়ের মেডিক্যাল টিম।
২৮ বছর বয়সী এই তারকার ইনজুরি সুযোগ করে দিতে পারে বৈভব সূর্যবংশীকে। ১৫ বছর বয়সী এই ওপেনার দ্বিপাক্ষিক সিরিজে ভারতের সর্বশেষ ৯টি টি-টোয়েন্টিতে বেঞ্চে বসে কাটাচ্ছেন। যদিও মাঝে খেলেছিলেন এশিয়ান গেমস ক্রিকেটের সেমিফাইনাল ও ফাইনালে। যেখানে ভারত স্বর্ণ জেতে। বৈভব ছাড়াও ভারতের স্কোয়াডে ব্যাটিং অপশন হিসেবে আছেন অলরাউন্ডার শিভাম দুবে। তবে কিষাণের জায়গায় তার একাদশে ঢোকার সম্ভাবনা কম।
এএইচএস
