
সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রী শাহনাজ পারভীন জ্যোৎস্না হত্যা মামলায় জিতেশ চন্দ্র গোপ (৩২) নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে লাশ গুম ও আলামত নষ্টের দায়ে তাঁকে সাত বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জের জেলা ও দায়রা জজ মুহাম্মদ হাবিবুল্লাহ এ রায় ঘোষণা করেন।
আদালত হত্যার দায়ে দণ্ডবিধির ৩০২ ধারায় জিতেশ চন্দ্র গোপকে মৃত্যুদণ্ডের পাশাপাশি এক লাখ টাকা অর্থদণ্ড দেন। অনাদায়ে তাঁকে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। রায়ে বলা হয়েছে, হাইকোর্ট বিভাগের অনুমোদন ছাড়া মৃত্যুদণ্ড কার্যকর করা যাবে না। অনুমোদন না পাওয়া পর্যন্ত আসামিকে কনডেম সেলে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত জিতেশ চন্দ্র গোপের বাবা যাদব চন্দ্র গোপ এবং মা অনিতা রানী গোপ। তাঁর স্থায়ী বাড়ি কিশোরগঞ্জের ইটনা উপজেলার শৈলা গ্রামে। তিনি জগন্নাথপুর বাজারের সি/এ মার্কেট এলাকায় ফার্মেসির ব্যবসা করতেন।
মামলার নথি সূত্রে জানা যায়, নিহত শাহনাজ পারভীন জ্যোৎস্নার সঙ্গে আসামির পূর্বপরিচয় ছিল। ২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি অ্যালার্জির চিকিৎসার কথা বলে তাঁকে ফার্মেসিতে ডেকে নেওয়া হয়। সেখানে চেতনানাশক মিশ্রিত ওষুধ সেবন করিয়ে অচেতন করার পর শ্বাসরোধে হত্যা করা হয়। পরে লাশ গুম ও আলামত নষ্টের চেষ্টা করা হয়। এ ঘটনায় ১৭ জানুয়ারি জগন্নাথপুর থানায় মামলা করা হয়। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মল্লিক মইন উদ্দিন সুহেল।
