Published on
:
2 min read
এক তরকারি ভাত হলেও চলে, কিন্তু সঙ্গে ডাল চাই। পেট খারাপ হলে পাতলা মুসুর ডাল। আর জন্মদিন হলে মাছের মাথা দিয়ে মুগের ডাল। আবার নিরামিষ দিনে চাই মৌরি বা হিং ফোড়ন দেওয়া বিউলির ডাল। প্রোটিন, ফাইবার, ভিটামিন ও মিনারেলের ভরপুর ডাল। এক বাটি খেলেই পেট ভরে যায়। কিন্তু ডাল খেলে অনেকেরই পেট ফাঁপার সমস্যা ভোগেন। গ্যাস, বদহজম হয়। এটা কেন হয়? আর কী ভাবে এড়াবেন এই সমস্যা?
কোন কোন কারণে ডাল খেলে বদহজম হয়?
১) ডালে ‘রাফিনোজ়’ নামক কমপ্লেক্স কার্বোহাইড্রেট থাকে, এগুলো সহজে ভাঙে না বা হজম হয় না। এই কার্বোহাইড্রেট যখন অন্ত্রে পৌঁছায়, তখন অন্ত্রে থাকা ব্যাকটেরিয়া সেগুলোকে ফার্মেন্ট করে। এর জেরে গ্যাস তৈরি হয়।
২) ডালে প্রচুর পরিমাণে ডায়েটরি ফাইবার থাকে। ফাইবার হজম স্বাস্থ্যের জন্য উপকারী। কিন্তু হঠাৎ করে বেশি ফাইবার খেলে পেট ফাঁপা ও বদহজম হতে পারে।
৩) ডালে ‘লেকটিন’ ও ‘ফাইটেটস’ নামের অ্যান্টি-নিউট্রিয়েন্টস থাকে। ডাল ঠিকমতো সিদ্ধ না হলে এই অ্যান্টি-নিউট্রিয়েন্টসগুলোই হজমে বাধা হয়ে দাঁড়ায়। এই অ্যান্টি-নিউট্রিয়েন্টসগুলো শরীরে ঢুকলে পেটে অস্বস্তি তৈরি করে।
৪) ডালে উদ্ভিজ্জ প্রোটিনও থাকে। হজমশক্তি দুর্বল হলে ওই প্রোটিন হজম করাও অনেক সময় কঠিন হয়ে যায়। তখনও পেটে গ্যাস বা পেট ফাঁপার সমস্যা দেখা দেয়।
কী ভাবে এড়াবেন এই সমস্যা?
গ্যাস, পেট ফাঁপার সমস্যা এড়াতে হলে ডাল ভালো করে ধুয়ে নিয়ে রান্না করুন। শুধু তা-ই নয়, ডাল কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখুন। ডাল জলে ভিজিয়ে রাখলে সমস্ত অ্যান্টি-নিউট্রিয়েন্টসগুলো ধুয়ে বেরিয়ে যায়। এ ছাড়া এই টোটকায় ডাল সহজপাচ্য হয়ে ওঠে। ডাল ভিজিয়ে রেখে রান্না করলে বদহজমের সমস্যা সহজেই কমানো যায়।
কোন ডাল কতক্ষণ জলে ভিজিয়ে রাখবেন?
মুগ ডাল, লাল মুসুর, অড়হর ডাল ৩০ মিনিট থেকে ১ ঘণ্টা জলে ভিজিয়ে রাখুন।
খোসা-সহ মুগ, খোসা-সহ বিউলির ডাল, ছোলার ডাল ২-৪ ঘণ্টা জলে ভিজিয়ে রাখুন।
রাজমা, কাঁচা ছোলা, কাবলি ছোলা প্রায় ৮-১২ ঘণ্টা জলে ভিজিয়ে রাখতে হবে। যে দিন এই ডালগুলো রান্না করবেন, আগের দিন রাতে জলে ভিজিয়ে রাখুন।
FAQ
১. ডাল খেলে পেটে গ্যাস হয় কেন?
ডালে থাকা রাফিনোজ়ের মতো কার্বোহাইড্রেট অন্ত্রে ব্যাকটেরিয়ার মাধ্যমে ফার্মেন্ট হলে গ্যাস তৈরি হতে পারে।
২. ডাল ভিজিয়ে রাখলে কী উপকার হয়?
ডাল ভিজিয়ে রাখলে রান্নার সময় কমতে পারে এবং কিছু উপাদান জলে বেরিয়ে যায়। এতে ডাল সহজপাচ্য হতে পারে।
৩. মুগ ও মুসুর ডাল কতক্ষণ ভিজিয়ে রাখবেন?
প্রায় ৩০ মিনিট থেকে ১ ঘণ্টা ভিজিয়ে রাখতে পারেন।
৪. রাজমা ও কাবলি ছোলা কতক্ষণ ভিজিয়ে রাখা উচিত?
প্রায় ৮–১২ ঘণ্টা ভিজিয়ে রাখুন। এরপর পর্যাপ্ত জলে ভালো করে সিদ্ধ করে রান্না করুন।
৫. ডাল খেলে পেট ফাঁপা কমাতে কী করবেন?
অল্প পরিমাণে ডাল খাওয়া শুরু করুন, ধীরে ধীরে পরিমাণ বাড়ান এবং ডাল ভালো করে সিদ্ধ করে খান।
