আজকাল ওয়েবডেস্ক: উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতাল থেকে নিখোঁজ রোগী। তারপরেই চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার পরই উত্তরপাড়া থানায় মিসিং ডায়েরি করা হয়েছে পরিবারের তরফে। হাসপাতালে নিযুক্ত বিধায়কের প্রতিনিধি দাবি জানিয়েছেন, হাসপাতালে নতুন নিরাপত্তারক্ষী নিয়োগ করতে হবে।
জানা গিয়েছে, উত্তরপাড়া পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সন্তোষ দাসকে(৭৪) গত পরশু উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ডায়রিয়ার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। শুক্রবার হাসপাতাল থেকে পরিবারকে ফোন করে হাসপাতালে আসতে বলা হয়। রোগীর পরিবার হাসপাতালে পৌঁছলে তাঁদের জানানো হয়, বৃদ্ধকে হাসপাতালে খুঁজে পাওয়া যাচ্ছে না।
পরিবারের প্রশ্ন, কেন সরকারি হাসপাতাল থেকে রোগী নিখোঁজ হবে? হাসপাতালে যেখানে ইতিমধ্যেই তিন জন পুলিশ কর্মী ডিউটি করছেন, সেখানে কী করে নিখোঁজ হন বৃদ্ধ, তা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তাঁরা।
নিখোঁজ বৃদ্ধের ছেলে বরুণ দাস বলেন, "বাবা সকাল থেকে নিখোঁজ। এদিকে হাসপাতাল জানে না। কর্তৃপক্ষকে জিজ্ঞাসা করতে গেলে একজন আরেকজনকে দেখাচ্ছে। অথচ কোনও কাগজও দিচ্ছে না।"
উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিযুক্ত বিধায়কের প্রতিনিধি তাপস দে বলেন, "হাসপাতালে নতুন নিরাপত্তারক্ষী প্রয়োজন। তাহলে আর এই ধরনের ঘটনা ঘটবে না। আমরা সুপারের সঙ্গে কথা বলেছি। বিধায়ককে জানিয়েছি। আমরাও খোঁজ চালাচ্ছি নিখোঁজ রোগীর।"
এর আগেও উত্তরপাড়া হাসপাতাল থেকে রোগী নিখোঁজের ঘটনা ঘটেছে। বারবার এমন ঘটনায় হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।
