চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিদেশি মদ, বিভিন্ন বোতলজাত পণ্য ও ভারতীয় বিড়িসহ মো. নাইম হক (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫-এর চাঁপাইনবাবগঞ্জের আভিযানিক দল।
বুধবার (২১ অক্টোবর) দিবাগত রাত ১১টা ৩৫ মিনিটে উপজেলার মনাকষা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের রাজনগর হাংগামী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে নাইম হকের বসতবাড়ির শয়নকক্ষের খাটের নিচ থেকে বিভিন্ন ব্র্যান্ডের ৩৭ বোতল বিদেশি মদ, ১২ বোতল কুফ রিলিফ, ৬৬ বোতল উইনসারেক্স, ভারতীয় পাতার বিড়ির ৩৫ বান্ডেল (৭০০ প্যাকেট), এক পোটলা খোলা ভারতীয় বিড়ি এবং একটি মুঠোফোন জব্দ করা হয়। জব্দ করা মদ ও অন্যান্য বোতলজাত পণ্যের মোট মূল্য ৩ লাখ এক হাজার টাকা বলে জানিয়েছে সংস্থাটি।
গ্রেফতার নাইম হক ওই এলাকার বাসিন্দা। তার বাবার নাম বাবুল।তাকে ও জব্দ করা মালামাল আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নাইমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন।
