The Sangbad · সাধারণ
আইনশৃঙ্খলা ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণ অসহায়
২৩/১০/২০২৬

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ার কারণে সাধারণ মানুষ চরম অসহায়ত্ব বোধ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।শুক্রবার (২৩ অক্টোবর) রাজধানীর কারওয়ান বাজারে আয়োজিত এক পথসভায় তিনি এই মন্তব্য করেন। আইনশৃঙ্খলার অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দলীয়করণের প্রতিবাদে ৩০ অক্টোবর গণবিক্ষোভের কর্মসূচি ঘোষণা উপলক্ষে এনসিপি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এই পথসভা ও লিফলেট বিতরণ কর্মসূচির আয়োজন করে।সভায় নাহিদ ইসলাম বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য এত বেশি বেড়েছে যে তা এখন সাধারণ মধ্যবিত্তেরও ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। নির্বাচনের সময় এলপি গ্যাসের দাম ছিল ১২০০ টাকা, যা এখন সরকারি হিসাব অনুযায়ীই ১৮০০ টাকা এবং বেসরকারিভাবে বিক্রি হচ্ছে ২৫০০ থেকে ৩৫০০ টাকা পর্যন্ত।দেশের এই সামগ্রিক পরিস্থিতিতে জনগণ খুবই অসহায়বোধ করছে উল্লেখ করে তিনি জানান, জাতীয় নাগরিক পার্টি সাধারণ মানুষের সঙ্গেই রয়েছে। সার্বিক এই ব্যর্থতার নৈতিক দায়ে স্বরাষ্ট্রমন্ত্রী এবং জ্বালানিমন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করতে হবে বলে স্পষ্ট দাবি জানান তিনি।নাহিদ ইসলাম আরও বলেন, একদিকে আইনশৃঙ্খলার চরম অবনতি, সন্ত্রাস ও মাদক কারবারিরা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে, অন্যদিকে সাধারণ মানুষ ও বিরোধী দলের ওপর চলছে দমনপীড়ন। বিশেষ করে সাংবাদিকদের ওপর সবচেয়ে বেশি নির্যাতন চলছে উল্লেখ করে তিনি নেত্রকোনায় এক সাংবাদিককে প্রকাশ্যে গুলি করার ঘটনা এবং স্বরাষ্ট্রমন্ত্রীর নিজ এলাকায় ৬০টি যানবাহনে ডাকাতির প্রসঙ্গ তুলে ধরেন।সংবিধান সংশোধন কমিটি প্রসঙ্গে এনসিপির আহ্বায়ক বলেন, গঠিত একদলীয় সংবিধান সংশোধন কমিটি জনগণের সঙ্গে একধরনের প্রহসন ছাড়া আর কিছু নয়। এই কমিটি অবিলম্বে বাতিল করে গণভোটের রায়ের ভিত্তিতে নতুন করে সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হবে।এছাড়া দেশের সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয়করণ বন্ধ করে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানিয়ে তিনি বলেন, সাইবার আইনে যে সংশোধনী আনার কথা বলা হচ্ছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এটি সংসদে পাস হতে দেওয়া হবে না।
উক্ত পথসভায় এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে এনসিপির মেয়রপ্রার্থী আসিফ মাহমুদ এবং দক্ষিণের মেয়রপ্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীসহ দলটির কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মূল প্রতিবেদনে যান ↗