বাসচাপায় নিহত ২
ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের শিবালয়ে বাসচাপায় ব্যাটারিচালিত ইজিবাইকের দুই যাত্রী নিহতের ঘটনায় ঢাকা-আরিচা মহাসড়কে সেলফি পরিবহনের বাস চলাচল সাময়িক বন্ধের নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা। আজ বৃহস্পতিবার সকালে দুর্ঘটনার পর বিক্ষুব্ধ লোকজন বাস ভাঙচুর করে মহাসড়ক অবরোধ করেন। পরে জেলা প্রশাসকের আশ্বাসে তাঁরা অবরোধ তুলে নেন। প্রায় দুই ঘণ্টা পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা বলেন, ‘সাময়িকভাবে সেলফি পরিবহনের চলাচল বন্ধের বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে আলোচনা করে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’
বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে শিবালয় উপজেলার বরঙ্গাইল বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ঘিওর উপজেলার মৌহালী গ্রামের ইয়াছিন আরাফাত (২২) ও একই গ্রামের মোজাহার মিয়ার ছেলে বাবুল মিয়া (৩০)। এ ঘটনায় ইয়াছিনের বাবা শাহীন মিয়া (৪৫) ও মা রোজিনা বেগম (৪০) গুরুতর আহত হন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পাটুরিয়া থেকে ঢাকাগামী সেলফি পরিবহনের একটি বাস বরঙ্গাইল বাসস্ট্যান্ড এলাকায় ইজিবাইকটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ইয়াছিনের মৃত্যু হয়। গুরুতর আহত বাবুলকে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসচালক ও তাঁর সহকারী পালিয়ে যান। পুলিশ বাসটি জব্দ করেছে।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন সেলফি পরিবহনের বাসটি ভাঙচুর করেন এবং পরিবহনটির রুট পারমিট বাতিলের দাবিতে মহাসড়ক অবরোধ করেন। এতে সড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। জেলা প্রশাসকের আশ্বাসে তাঁরা অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
স্থানীয়দের অভিযোগ, সেলফি পরিবহনের বাস বেপরোয়া গতিতে ও ঝুঁকিপূর্ণভাবে চলাচল করে। অতিরিক্ত গতি ও নিয়ম না মেনে ওভারটেক করার কারণে দুর্ঘটনা ঘটছে বলে তাঁদের দাবি। এসব অভিযোগ তুলে এর আগেও বাসটির রুট পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন তাঁরা। জেলা প্রশাসকের কাছে স্মারকলিপিও দিয়েছেন।
বরঙ্গাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ বলেন, দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। বাসটি জব্দ করা হয়েছে। চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

