ঢাবি, ডুয়েট ও খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উপ-উপাচার্য পবিপ্রবি পরিদর্শন করে বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রম, সমুদ্রসম্পদ, মেরিন ইঞ্জিনিয়ারিংয়ে উচ্চশিক্ষা এবং পারস্পরিক সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) গবেষণা কার্যক্রম, সামুদ্রিক সম্পদ নিয়ে গবেষণার সম্ভাবনা এবং মেরিন ইঞ্জিনিয়ারিং বিষয়ে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ নিয়ে আলোচনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শীর্ষ কর্মকর্তারা।
শুক্রবার (১৬ অক্টোবর) পবিপ্রবি পরিদর্শনে এসে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব) সভাপতি অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, ডুয়েটের উপাচার্য প্রকৌশলী ড. মোহাম্মদ ইকবাল এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. হারুনর রশীদ।
এ সময় পবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. এ বি এম সাইফুল ইসলাম ও রেজিস্ট্রার অধ্যাপক জামাল হোসেন উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের গবেষণাভিত্তিক কার্যক্রম, সমুদ্রসম্পদ নিয়ে গবেষণার সম্ভাবনা এবং মেরিন ইঞ্জিনিয়ারিং বিষয়ে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ নিয়ে আলোচনা হয়। কুয়াকাটার নিকটবর্তী অবস্থান এবং বিশ্ববিদ্যালয়ে ওশানোগ্রাফি অনুষদ থাকায় সামুদ্রিক গবেষণা ও সংশ্লিষ্ট ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরির বিষয়টিও আলোচনায় গুরুত্ব পায়।
পরিদর্শনকালে অতিথিরা বিশ্ববিদ্যালয়ের হল পরিদর্শন করেন এবং উপাচার্যের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সার্বিক শিক্ষা, গবেষণা ও উন্নয়ন কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন।
পবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, “বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক গবেষণা কার্যক্রম, উচ্চশিক্ষার প্রসার এবং শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার সম্ভাবনা নিয়ে আমাদের আলোচনা হয়েছে। এ ধরনের সহযোগিতামূলক উদ্যোগের মাধ্যমে ভবিষ্যতে গবেষণার নতুন ক্ষেত্র তৈরি হবে এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গবেষণায় আরও এগিয়ে যাবে বলে আমরা আশাবাদী।”
