রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বুধবার সেন্ট পিটার্সবার্গে বৈঠকে বসছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। ইউক্রেন সংঘাত অবসানের প্রস্তাব নিয়ে তাদের মধ্যে আলোচনা হবে। এর একদিন আগে অসলোতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে উইটকফ একটি বৈঠক করেন। ওই বৈঠকের পর জেলেনস্কি জানান, রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য বিনিময় এখন কাজ করছে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।
অসলোর এই বৈঠকে ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন ডনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। মার্কিন কর্মকর্তারা এই আলোচনাকে অত্যন্ত ফলপ্রসূ বলে বর্ণনা করেন। আগে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য আটকে রাখার অভিযোগ করেছিল কিয়েভ। তবে এখন আগাম সতর্কবার্তার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন জেলেনস্কি। স্টারলিংক স্যাটেলাইটের গতির ওপর আরোপিত বিধিনিষেধেরও দ্রুত ইতিবাচক সমাধান হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এদিকে ওয়াশিংটনে ডনাল্ড ট্রাম্প আবারও ইউক্রেনকে একটি চুক্তিতে পৌঁছানোর আহ্বান জানান। তিনি বলেন, ইউক্রেনের এখন যুদ্ধ শেষ করার সময় এসেছে। অন্যদিকে জেলেনস্কি জানান, তারা আলোচনার জন্য প্রস্তুত থাকলেও রাশিয়ার অব্যাহত হামলায় তাদের বহু মানুষের প্রাণ যাচ্ছে। মঙ্গলবারও ইউক্রেনের বিভিন্ন স্থানে রাশিয়ার ড্রোন হামলায় অন্তত ১০ জন নিহত হন। জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিক মের্ৎসসহ ইউরোপীয় নেতারা সংঘাত নিরসনে যেকোনো আলোচনায় ইউরোপের সক্রিয় অংশগ্রহণের ওপর জোর দেন।
