এবারের দুর্গাপূজা উপলক্ষে নতুন দুটি গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হচ্ছেন দেশের বিশিষ্ট সংগীতশিল্পী উত্তমকুমার রায়। ‘জয় দুগ্গা মা’ ও ‘কী যে ভুল করেছি’ শিরোনামের গান দুটি দুর্গাপূজার আগেই প্রকাশিত হবে। মিউজিক ভিডিওসহ গান দুটি শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।
গান দুটি সম্পর্কে উত্তমকুমার রায় বলেন, প্রথম গান ‘জয় দুগ্গা মা’ লিখেছেন ও সুর করেছেন বিশিষ্ট সংগীতজ্ঞ শহীদুজ্জামান স্বপন। গানটির সংগীতায়োজন করেছেন খ্যাতিমান সংগীত পরিচালক মুশফিক লিটু। অন্যদিকে, ‘কী যে ভুল করেছি’ গানটির কথা ও সুর শিল্পীর নিজের। দুর্গাদেবীকে নিয়ে লেখা গানটির সংগীতায়োজন করেছেন এবং বাঁশি বাজিয়েছেন শিল্পী জাবিউল ইসলাম।
উত্তমকুমার রায়ের সংগীতজীবন দীর্ঘদিনের। ছোটবেলা থেকেই গানের প্রতি তাঁর গভীর অনুরাগ। স্কুল থেকে বিশ্ববিদ্যালয়জীবন পর্যন্ত গানের চর্চা, প্রশিক্ষণ ও বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে গড়ে উঠেছে তাঁর সংগীতজীবন। এ সময়ে বিভিন্ন পর্যায়ে শিল্পী হিসেবে সম্মাননা ও পুরস্কারও পেয়েছেন তিনি।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে পড়াশোনা করেছেন উত্তম। নজরুল ইনস্টিটিউট থেকে ডিপ্লোমায় প্রথম শ্রেণি অর্জনের পাশাপাশি প্রতিষ্ঠানটি থেকে নজরুলসংগীতের প্রশিক্ষক হিসেবে সনদও পেয়েছেন। এ ছাড়া রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে বিএমিউজ সম্পন্ন করেছেন। বাংলাদেশ ও ভারতের খ্যাতিমান সংগীতজ্ঞদের কাছ থেকে তালিম নেওয়া এই শিল্পী বর্তমানে নিজেও সংগীতের প্রশিক্ষণ দিয়ে থাকেন।
পেশাগত জীবনে উত্তমকুমার রায় একটি বেসরকারি মহিলা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞানের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি দীর্ঘদিন ধরে গণমাধ্যমকর্মী হিসেবেও কাজ করছেন তিনি।
বাংলাদেশ টেলিভিশনসহ দেশের প্রায় সব বেসরকারি টেলিভিশন চ্যানেলে সরাসরি ও ধারণকৃত বিভিন্ন সংগীতানুষ্ঠানে অংশ নিয়ে পরিচিতি পেয়েছেন উত্তম। বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনে তিনি মূলত নজরুলসংগীত ও আধুনিক গান পরিবেশন করেন। বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত সুরকার ও সংগীত পরিচালক হিসেবেও কাজ করছেন তিনি। পাশাপাশি মিউজিক কম্পোজার্স সোসাইটি বাংলাদেশ (এমসিএসবি)-এর সদস্য।
নিজের লেখা ও সুর করা বেশ কিছু শ্রোতাপ্রিয় গান রয়েছে উত্তমের নিজস্ব ইউটিউব চ্যানেলে। আবেগঘন গায়নভঙ্গির কারণে সংগীতসংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি। নিয়মিত স্টেজ শোতেও অংশ নেন। শাস্ত্রীয় সংগীত থেকে পাশ্চাত্য রক ও ফিউশন—বিভিন্ন ধারার সংগীতের প্রতি তাঁর আগ্রহ রয়েছে।
সংগীতের প্রতি গভীর ভালোবাসা থেকেই দীর্ঘদিন ধরে গান করে চলেছেন উত্তমকুমার রায়। তাঁর কাছে গান শুধু পেশা নয়, জীবনের অবিচ্ছেদ্য অংশ। এবারের দুর্গাপূজায় নতুন দুটি গান দিয়ে শ্রোতাদের কতটা মুগ্ধ করতে পারেন, এখন সেটিই দেখার অপেক্ষা।
