যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নতুন করে ইরানে হামলা চালালেও পরিস্থিতির কোনো পরিবর্তন হবে না বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।
তিনি বলেছেন, অতীতে দুইবার হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যে ফল পেয়েছে, নতুন করে যুদ্ধ শুরু করলেও তার চেয়ে ভিন্ন কিছু অর্জন করতে পারবে না।
তেহরানে সম্প্রচারিত এক অনুষ্ঠানে আরাঘচি বলেন, সম্প্রতি নতুন করে যুদ্ধ শুরুর বিষয়ে আলোচনা হচ্ছে। তবে তিনি এরই মধ্যে যুদ্ধ-পরবর্তী পরিস্থিতি নিয়ে ভাবছেন।
তিনি বলেন, যুদ্ধ হোক বা না হোক, আমাদের নীতি একই থাকবে।
আরাঘচি আরও বলেন, তারা এরই মধ্যে দুইবার এমন চেষ্টা করেছে এবং ফল দেখেছে। আবার চেষ্টা করতে চাইলে তারা জানে, আগেরবারের চেয়ে ভিন্ন কোনো ফল পাবে না।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ থেকে ইরানে নতুন করে হামলার হুমকি বাড়ার মধ্যেই আরাঘচি এসব মন্তব্য করেন।
শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ওয়াশিংটন ইরানের বিরুদ্ধে আবারও একটু এপিক ফিউরি অভিযান চালাতে পারে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে শুরু হওয়া যুদ্ধের নাম দেওয়া হয়েছিল এপিক ফিউরি।
সূত্র: আল-জাজিরা
