The Sangbad · সাধারণ
আবাসিকে গ্যাসের নিরাপদ ব্যবহারে সচেতনতা বাড়াতে হবে
১৮/১০/২০২৬

নারায়ণগঞ্জের কাঁচপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ চারজনের সবাই মারা গেছেন। একটি দুর্ঘটনায় চারটি প্রাণ ঝরে যাওয়া অত্যন্ত বেদনাদায়ক। এই মৃত্যু শুধু একটি পরিবারের নয়, পুরো সমাজের জন্য সতর্কবার্তা। গ্যাস ব্যবহারে সামান্য অবহেলাও যে কত বড় বিপর্যয় ডেকে আনতে পারে, এ ঘটনা তার প্রমাণ।গত ৯ অক্টোবর রাতে কাঁচপুরের সোনাপুর উত্তরপাড়ায় একটি আবাসিক ভবনের কক্ষে বিস্ফোরণ ঘটে। প্রাথমিকভাবে জানা গেছে, গ্যাসের চাপ বাড়াতে স্থাপন করা কম্প্রেসার লাইনে লিকেজ থেকে বিস্ফোরণটি ঘটে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে নিশ্চিত হওয়া প্রয়োজন। গ্যাসের চাপ কম থাকলে অনেকে অবৈধভাবে কম্প্রেসার ব্যবহার করেন। এতে পাইপ ও সংযোগের ওপর অতিরিক্ত চাপ পড়ে। ফলে গ্যাস বেরিয়ে বিস্ফোরণ ঘটতে পারে। এ ধরনের ঝুঁকিপূর্ণ ব্যবস্থা বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর নজরদারি জরুরি।বাসাবাড়িতে গ্যাসের পাইপ, চুলা, ভালভ ও সংযোগ নিয়মিত পরীক্ষা করা দরকার। পুরোনো বা ত্রুটিপূর্ণ সরঞ্জাম দ্রুত বদলানো গেলে অনেক দুর্ঘটনা এড়ানো সম্ভব হতে পারে। গ্যাসের গন্ধ পেলে ব্যাবহারকারীদেরকে আগুন জ্বালানো, বৈদ্যুতিক সুইচ চালু বা বন্ধ করা থেকে বিরত থাকতে হবে। এজন্য আবাসিকে গ্যাসের ব্যবহারকারীদের সচেতন করা জরুরি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে আমরা আশা করতে চাই।তবে শুধু বাসিন্দাদের সচেতন করলেই দায়িত্ব শেষ হয় না। গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সরকারি সংস্থাকে নিয়মিত তদারকি করতে হবে। অবৈধ কম্প্রেসার ব্যবহার বন্ধে অভিযান চালাতে হবে। ঝুঁকিপূর্ণ সংযোগ শনাক্ত করে দ্রুত মেরামতের ব্যবস্থা করতে হবে। দুর্ঘটনার পর তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াও জরুরি।
মূল প্রতিবেদনে যান ↗