প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১:২২ পিএম
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে যৌথ অভিযান চালিয়ে ৫ লাখ ৯৩ হাজার টাকার জাল নোটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ সময় তাদের কাছ থেকে নগদ ২০ হাজার ৬৪০ টাকা, তিনটি মোবাইল ফোন, দুটি এটিএম কার্ড ও দুটি মানিব্যাগ জব্দ করা হয়।
শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর ১২টা ৪০ মিনিটে শিবগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের স্বর্ণকারপট্টি এলাকার মুকিম মার্কেটের নিচতলার একটি দোকানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে এসআরবির সিপিএসসি, রাজশাহী এবং সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জের যৌথ আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—শিবগঞ্জ উপজেলার পার দিলালপুর গ্রামের বশির উদ্দিন (৫৬), কলাবাড়ী গ্রামের মানিক (৩৮) এবং চাঁদ শিকারী গ্রামের ইউসুফ আলী (৫০)।
এসআরবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানের সময় গ্রেপ্তার ব্যক্তিদের হেফাজত থেকে ৫ লাখ ৯৩ হাজার টাকার জাল নোটসহ অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়। পরে তাদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে উদ্ধার করা আলামতসহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
