সংস্কৃতি অঙ্গনের পরিচিত সাংবাদিক মুন্না আর নেই
দৈনিক মানবকণ্ঠের সিনিয়র সাব-এডিটর সাংবাদিক এস এম মুন্না মিয়া মারা গেছেন। শনিবার দিবাগত রাত ৩টায় রাজধানীর ধানমন্ডি ক্লিনিকে তাঁর মৃত্যু হয়। রোববার বাদ জোহর জানাজা শেষে তাঁকে বনশ্রী মেরাদিয়া এলাকার ভুইয়াপাড়া কবরস্থানে দাফন করা হয়।
নিজস্ব প্রতিবেদক :: own-reporterদৈনিক মানবকণ্ঠের সিনিয়র সাব-এডিটর এস এম মুন্না মিয়া আর নেই। শনিবার দিবাগত রাত ৩টায় রাজধানীর ধানমন্ডি ক্লিনিকে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্র জানায়, ডায়াবেটিস ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন মুন্না মিয়া। রোববার বাদ জোহর রাজধানীর বনশ্রী মেরাদিয়া ভুইয়াপাড়া কাঁচাবাজার-সংলগ্ন দারুস সালাম মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে ভুইয়াপাড়া কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
এস এম মুন্না পেশাগত জীবনে সংস্কৃতি ও বিনোদন সাংবাদিকতায় পরিচিত মুখ ছিলেন। দৈনিক মানবকণ্ঠ ছাড়াও তিনি দৈনিক আমার দেশ, সমকাল, দেশবাংলা ও নয়াশতাব্দীসহ বিভিন্ন পত্রিকায় কাজ করেছেন। তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) ও ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সদস্য ছিলেন।
বইমেলা নিয়ে দীর্ঘদিনের প্রতিবেদন তৈরির অভিজ্ঞতাও ছিল তাঁর। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, তিনি টানা নয় বছর অমর একুশে গ্রন্থমেলা নিয়ে প্রতিবেদন তৈরি করেছেন। তাঁর বইমেলাবিষয়ক সাংবাদিকতার শুরু দৈনিক মাতৃভূমিতে। পরে দৈনিক দেশবাংলা ও দৈনিক আমার দেশ হয়ে দৈনিক সমকালে নিয়মিত বইমেলার খবর তুলে ধরেন।
২০১৪ সালে অমর একুশে গ্রন্থমেলায় সেরা রিপোর্টিংয়ের জন্য ‘উৎস প্রকাশন-অমর একুশে গ্রন্থমেলা সেরা রিপোর্টিং পুরস্কার’ পান তিনি। জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি হাসান শাহরিয়ারের নেতৃত্বে গঠিত তিন সদস্যের বিচারক কমিটি তাঁকে ওই পুরস্কারের জন্য মনোনীত করে। পুরস্কার হিসেবে ২৫ হাজার টাকার চেক, ক্রেস্ট ও সনদ দেওয়ার কথা জানিয়েছিল আয়োজক প্রতিষ্ঠান উৎস প্রকাশন।
গ্রন্থমেলার নানা আয়োজন, বই প্রকাশ, সাহিত্যিকদের লেখা এবং মেলাকেন্দ্রিক ঘটনাপ্রবাহ নিয়ে প্রতিবেদন তৈরি করতেন মুন্না। তাঁর উল্লেখযোগ্য প্রতিবেদনগুলোর মধ্যে ছিল প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদকে নিয়ে ‘খোলা জানালায় হুমায়ূন’, শিশুদের জন্য মৌলিক সাহিত্য রচনার প্রয়োজনীয়তা নিয়ে ‘চাই শিশুতোষ মৌলিক রচনা’ এবং লিটল ম্যাগাজিন নিয়ে ‘ছোট্টডানায় ধরি অপার আকাশ’। মেলার বিভিন্ন দিনের আয়োজন, পয়লা ফাল্গুনের উৎসব, ছুটির দিনের পাঠকসমাগম ও আকস্মিক বৃষ্টির পরিস্থিতি নিয়েও প্রতিবেদন করেছিলেন তিনি।
সাংবাদিকতা জীবনে সংস্কৃতি ও বিনোদনবিষয়ক প্রতিবেদনের পাশাপাশি বইমেলার মাঠপর্যায়ের খবর এবং বিষয়ভিত্তিক বিশেষ প্রতিবেদন তৈরিতে যুক্ত ছিলেন এস এম মুন্না। তাঁর মৃত্যুতে সহকর্মী ও পরিচিতজনদের মধ্যে শোকের আবহ তৈরি হয়েছে।
বাংলাদেশ জার্নাল/এনএম
