মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেককে সিনিয়র সচিবের পদমর্যাদা দিয়েছে সরকার। বুধবার (১৪ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, চুক্তিভিত্তিক নিয়োজিত আবদুল খালেককে সিনিয়র সচিবের পদমর্যাদা দেওয়া হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এর আগে আবদুল খালেককে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব করা হয়। অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক ত্যাগের শর্তে তাকে এ নিয়োগ দেওয়া হয়েছিল।
আবদুল খালেক বিসিএস প্রশাসন ক্যাডারের ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৮৬ সালে প্রশাসন ক্যাডারে যোগ দেওয়ার পর সহকারী কমিশনার, উপজেলা ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী কর্মকর্তা, ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক এবং যশোর ও চাঁদপুরের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন।
এ ছাড়া তিনি দিনাজপুর ও গাজীপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। স্থানীয় সরকার বিভাগ, ভূমি মন্ত্রণালয়, বিদ্যুৎ বিভাগ, বাণিজ্য মন্ত্রণালয় ও নৌপরিবহন মন্ত্রণালয়েও বিভিন্ন পদে কাজ করেছেন তিনি। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি), বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) এবং বিনিয়োগ বোর্ডেও দায়িত্ব পালন করেছেন।
আরএইচটি/ এনটি
