জামালপুরের দেওয়ানগঞ্জে ২১৫ বোতল ভারতীয় মদসহ একটি প্রাইভেট কার আটক করেছে জামালপুর ৩৫ বিজিবি। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোররাত ৩টার দিকে দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়নের ঢাকা–রৌমারী মহাসড়কসংলগ্ন মধ্যেরচর এলাকায় অভিযান চালান ঝাউডাঙ্গা বিওপির সদস্যরা। এ সময় বিভিন্ন ব্র্যান্ডের ২১৫ বোতল ভারতীয় মদসহ একটি প্রাইভেট কার আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন রিপন সাহা ও আলাল। জব্দ করা মদ ও প্রাইভেট কারের আনুমানিক জব্দমূল্য ১৪ লাখ ৩৬ হাজার ৩০০ টাকা।
বিজিবি জানায়, সীমান্তবর্তী এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পরে আটক ব্যক্তিদের এবং জব্দ করা মালামাল দেওয়ানগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
