বৃহস্পতিবারই বলিউড শাহেনশা অমিতাভ বচ্চনের পোস্ট ঘিরে উদ্বিগ্ন মায়ানগরীর সেলেবপাড়া থেকে অনুরাগীমহল। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘আমার আরও বিশ্রামের প্রয়োজন। নিজেকে মানিয়ে নিচ্ছি। মানবশরীর এবং এর অনন্যতা আমাকে যেমন ভাবাচ্ছে, তেমনই আরও অবাক করাচ্ছে।’ চব্বিশ ঘণ্টা পেরনোর আগেই শুক্রের দুপুরে ‘জলসা’য় গ্রেনেড হামলার হুমকি। মেগাস্টার অমিতাভকে নিয়ে যখন সকলে চিন্তিত, মুম্বইজুড়ে হাই অ্যালার্ট জারি তখন শৈশবের দীপাবলির নস্ট্যালজিয়ায় ভেসেছেন বিগ বি অমিতাভ বচ্চন।
‘কৌন বনেগা ক্রোড়পতি’র মঞ্চে কোন স্মৃতি রোমন্থন করলেন? ‘কেবিসি’র মঞ্চ আ্রর সিনেমার প্রচার ওতোপ্রতোভাবে জড়িত। আগামী ৫ নভেম্বর ‘রামায়ণ’ মুক্তির আগে সিনেমার প্রচারে ‘কৌন বনেগা ক্রোড়পতি’তে এসেছিলেন পর্দার রাম-সীতা ওরফে রণবীর কাপুর ও সাই পল্লবী। দীপাবলির মরশুমেই মুক্তি পাবে ‘রামায়ণ’। তাই দিওয়ালির বিশেষ পর্বে উৎসবের আমেজ নিয়ে হাজির হয়েছিলেন তারকাযুগল। রণবীর কাপুরের সঙ্গে কথোপকথনের সময় নিজের স্বভাবসিদ্ধ রসিকতায় ছোটবেলার দীপাবলির দুষ্টমির কথা তুলে ধরেন অমিতাভ।
৮৫ বছরেও ছেলেবেলার সেসব দিনের স্মৃতি একদম টাটকা। আলাপচারিতার এক পর্যায়ে রণবীর মেগাস্টারকে জিজ্ঞাসা করেন, ছোটবেলায় দীপাবলি উদ্যাপনের কোনও বিশেষ স্মৃতি তাঁর মনে আছে? পর্দার রাম প্রশ্ন করেন, “অমিতাভজি, আপনার দীপাবলির কোনও স্মৃতি আছে?” উত্তরে মুচকি হেসে অমিতাভ বচ্চন বলেন, “স্যর, দীপাবলির কথা বলতে গেলে শুধু এটুকুই মনে পড়ে, পাশের বাড়িতে যদি বোমা ফাটত তাহলে আমাদের বোমার আওয়াজ তার চেয়েও জোরে হত।”

বিগ বির কথা শুনে হেসে লুটোবপুটি রণবীর ও সাই পল্লবী। অমিতাভের মতো রাশভারি ব্যক্তির ব্যারিটোন ভয়েসে এই কথা শুনে প্রথমে পর্দার রাম-সীতাও যেন বিশ্বাস করতে পারেননি, বিগ বিও এরকম মজা করতে পারেন! ‘কৌন বনেগা ক্রোড়পতি’র দীপাবলি বিশেষ পর্ব সম্প্রচারিত হবে আগামী ২৯ ও ৩০ অক্টোবর। উৎসবের এই বিশেষ পর্বে অমিতাভ বচ্চন ও ‘রামায়ণ’-এর দুই তারকার আড্ডা যে দর্শকদের জন্য বাড়তি আকর্ষণ হতে চলেছে, তা বলাই বাহুল্য।
