ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যের বার্তা নিয়ে শারদীয় দুর্গাপূজার মহাষ্টমীতে খুলনার ডুমুরিয়া কেন্দ্রীয় কালীবাড়ি মঠের পূজামণ্ডপ পরিদর্শন করেছেন খুলনা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলী আজগর লবী।
সোমবার বিকালে তিনি প্রতিমা দর্শন করেন এবং মন্দির কমিটির নেতৃবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোহাম্মদ আলী আজগর লবী বলেন, “হিন্দু সম্প্রদায়ের মানুষের বিপুল ভোটে বিজয়ী হয়ে জাতীয় সংসদে কথা বলার সুযোগ পেয়েছি। এ জন্য আমি তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের একটাই পরিচয়, আমরা মানুষ। এ বাংলাদেশে সকল ধর্মের মানুষের একসঙ্গে বসবাস।”
তিনি বলেন, “ধর্ম-বর্ণনির্বিশেষে সব মানুষের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখা জরুরি। পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট থাকলে বাংলাদেশ আরও এগিয়ে যাবে। আমি সকল ধর্মের মানুষের ভাগ্যের উন্নয়ন করতে চাই।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সবিতা সরকার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোল্লা মোশাররফ হোসেন মফিজ, সরদার আব্দুল মালেক, শেখ শাহিনুর রহমান, মোল্লা কবির হোসেন, শেখ ফরহাদ হোসেন, ডুমুরিয়া কেন্দ্রীয় কালিবাড়ি মঠের সেক্রেটারী সৌমেন্দ্র প্রসাদ কুন্ডু টুটুল, প্রশান্ত জোয়াদ্দার, শাহজাহান জমাদার, মোল্যা মনিমুর রহমান নয়ন ও মোল্লা মশিউর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রদীপ দেবনাথ। কেন্দ্রীয় কালীবাড়ি মঠের পক্ষে বক্তব্যদেন মন্দির কমিটির কোষাধ্যক্ষ পরিমল কুমার কুণ্ডু।
কালীবাড়ি মঠের পূজামণ্ডপ পরিদর্শন শেষে সংসদ সদস্য আলী আজগর লবী খর্নিয়া, রুদাঘরা, রঘুনাথপুর, রংপুর ও ধামালিয়া ইউনিয়নের বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি পূজার সার্বিক খোঁজখবর নেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
