গেজেট প্রতিবেদন অক্টোবর ১৯, ২০২৬ ১১:৫৭ অপরাহ্ণ
শারদীয় দুর্গোৎসব সাম্প্রদায়িক সম্প্রীতি, ঐক্য ও ভ্রাতৃত্বের এক অনন্য প্রতীক বলে মন্তব্য করেছেন খুলনা মহানগর বিএনপির সভাপতি ও খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান এ্যাড. শফিকুল আলম মনা। তিনি বলেছেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের সব মানুষের সমান অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। প্রত্যেক ধর্মের মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করবেন—এটাই আমাদের প্রত্যাশা। ধর্মীয় সম্প্রীতি অটুট রেখে সবাইকে নিয়ে একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে হবে।
সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় খুলনার পশ্চিম হাসপাতালপাড়া পূজামণ্ডপে মহাঅষ্টমীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মনা আরও বলেন, বিএনপি সবসময় মানুষের ধর্মীয় স্বাধীনতা, গণতান্ত্রিক অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ। কোনো ধর্মের মানুষ যেন নিজেদের সংখ্যালঘু, অবহেলিত কিংবা নিরাপত্তাহীন মনে না করেন, সে পরিবেশ নিশ্চিত করা সবার দায়িত্ব। ধর্মীয় পরিচয় কখনো মানুষের অধিকার ও মর্যাদার ক্ষেত্রে বৈষম্যের কারণ হতে পারে না।
মন্দির কমিটির সভাপতি বিমল কৃষ্ণের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, মোল্লা ফরিদ আহমেদ ও বদরুল আনাম খান। এ সময় উপস্থিত ছিলেন বিজয় ভৌমিক, যুবদল নেতা রুবেল জোমাদ্দার, বেলাল হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ ও পূজামণ্ডপের আয়োজকরা।
খুলনা গেজেট/এএজে
