নোয়াখালীর কবিরহাট সাব-রেজিস্ট্রি অফিসের ভবনজুড়ে দেখা দিয়েছে বড় বড় ফাটল। ছাদের পলেস্তারা খসে পড়ছে, কোথাও কোথাও উন্মুক্ত হয়ে গেছে লোহার রড। এমন ঝুঁকিপূর্ণ ভবনেই প্রতিদিন চলছে সরকারি কার্যক্রম। এতে আতঙ্কে রয়েছেন কর্মকর্তা-কর্মচারী ও সেবা নিতে আসা সাধারণ মানুষ।
অফিস ও স্থানীয় সূত্রে জানা যায়, ১৯৯৮ সালে নির্মিত ভবনটির বিভিন্ন অংশ বর্তমানে জরাজীর্ণ। জমি নিবন্ধনসহ বিভিন্ন কাজে প্রতিদিন দূর-দূরান্ত থেকে শত শত মানুষ এ অফিসে আসেন। ঝুঁকিপূর্ণ পরিবেশে কাজ করতে গিয়ে দুর্ঘটনার আশঙ্কায় রয়েছেন কর্মকর্তা-কর্মচারীরাও।
অফিসের নারী কর্মচারীদের অভিযোগ, ভবনে তাদের জন্য পৃথক ওয়াশরুম, কমনরুম ও বিশ্রামাগার নেই। পাশাপাশি জায়গা ও কক্ষসংকটের কারণে দাপ্তরিক কার্যক্রম ও সেবার মান ব্যাহত হচ্ছে।
জানা গেছে, ২০২৪ সালে ভবনটিকে ‘চরম ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করে সংশ্লিষ্ট বিভাগে লিখিত প্রতিবেদন পাঠানো হয়। ২০২৫ সালেও নতুন ভবন নির্মাণের জন্য পর্যাপ্ত জমি থাকার বিষয়টি জানানো হয়।
নোয়াখালীর সদর সাব-রেজিস্ট্রার ও অতিরিক্ত দায়িত্বে থাকা জেলা রেজিস্ট্রার বুলবুল আহমেদ বলেন, ভবনটি গণপূর্ত বিভাগের অধীনে। বিষয়টি গণপূর্ত বিভাগ ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দুর্ঘটনা এড়াতে আপাতত ভাড়া করা কোনো স্থানে অফিস স্থানান্তরের চিন্তাভাবনা চলছে।
সংশ্লিষ্ট সংবাদ: নোয়াখালী
১৩ অক্টোবর ২০২৬
৩০ সেপ্টেম্বর ২০২৬
২৪ সেপ্টেম্বর ২০২৬
