মোঃ জয়নাল আবেদীন টুক্কু,নাইক্ষ্যংছড়ি,
শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নির্বিঘ্নে উদযাপন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে দুই প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। এরই অংশ হিসেবে উপজেলার সদর ও বাইশারী ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল করিম
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) অধিনায়কের নেতৃত্বে বিজিবির একটি দল নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের কেন্দ্রীয় শ্রীশ্রী সার্বজনীন হরিমন্দির পূজামণ্ডপসহ বাইশারীসহ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে।
১১ বিজিবি সূত্রে জানা যায়, গত ১০ অক্টোবর থেকে দুর্গাপূজা উপলক্ষে দায়িত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছেন বিজিবি সদস্যরা। মোতায়েন করা দুই প্লাটুনের মধ্যে এক প্লাটুন পূজামণ্ডপের নিরাপত্তায় নিয়োজিত থাকবে এবং অপর প্লাটুন নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করবে।
পরিদর্শনকালে বিজিবির অধিনায়ক দুর্গাপূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নির্বিঘ্নে উদযাপন নিশ্চিত করতে বিজিবির পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা ও সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।
এ সময় ১১ বিজিবির নবাগত উপ-অধিনায়ক মেজর তাহসিন উদ্দিন মাহমুদ উপস্থিত ছিলেন।
নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি দীর্ঘদিন ধরে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অপরাধ দমন, মাদক ও চোরাচালান প্রতিরোধে কাজ করে আসছে। একই সঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত দায়িত্ব পালন করছে বাহিনীটি।
সীমান্তবর্তী এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সব ধর্মের মানুষের ধর্মীয় উৎসব নিরাপদ ও নির্বিঘ্নে উদযাপন নিশ্চিত করতে বিজিবির কার্যক্রম অব্যাহত থাকবে।
The post নাইক্ষ্যংছড়িতে দুর্গাপূজার নিরাপত্তায় ১১ বিজিবির অধিনায়কের পূজামণ্ডপ পরিদর্শন appeared first on সকালের খবর ২৪.
