ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আবুল বাশার তালুকদার জানিয়েছেন, বিসিবির সাবেক পরিচালক ও সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়িতে গুলির ঘটনায় জড়িতদের খুঁজছে পুলিশ। এ ছাড়াও এ ঘটনার তদন্ত চলমান রয়েছে। শনিবার (২৪ অক্টোবর) সকালে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।
এদিকে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, গুলির সময় আসিফ আকবর গাড়িতে ছিলেন না। ফলে তিনি অক্ষত রয়েছেন। তবে কারা এবং কী কারণে এ ঘটনা ঘটিয়েছে, তা এখনও জানা যায়নি। এ ঘটনার সঙ্গে আসিফ আকবরের ব্যক্তিগত বা পেশাগত কোনো বিরোধের যোগসূত্র রয়েছে কি না, তা-ও নিশ্চিত হওয়া যায়নি।
ওসি আরও জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার নেপথ্য কারণ অনুসন্ধান এবং জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে।
এর আগে, শনিবার ভোরে রাজধানীর মগবাজারের বিশাল সেন্টারের সামনে আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। এ সময় তিনি গাড়ির ভেতরে ছিলেন না।
