তনুশ্রী, নানা পাটেকর এবং মালহারছবি: সংগৃহীত
Published on
:
1 min read
নানা পাটেকরকে ঘিরে পুরনো বিতর্কে নতুন করে উত্তেজনা। অভিনেতার মৃত্যুর পরে অভিনেত্রী তনুশ্রী দত্তের একের পর এক মন্তব্য ঘিরে যখন সমাজমাধ্যমে চর্চা তুঙ্গে, তখন মুখ খুললেন নানার ছেলে মালহার পাটেকর। কারও নাম সরাসরি উল্লেখ না করেই তিনি স্পষ্ট করে দিলেন, যে মামলা নিয়ে বারবার আলোচনা হচ্ছে, তা আইনি পথে আগেই নিষ্পত্তি হয়েছে। একই সঙ্গে সমালোচকদের উদ্দেশে তাঁর বার্তা, ‘যা সত্যি, সেটাই থাকবে। ভগবান ওঁদের মঙ্গল করুন।’
মালহার জানান, তাঁর বাবাকে ঘিরে যে পুরনো অভিযোগের প্রসঙ্গ বারবার টেনে আনা হচ্ছে, সেই মামলা ইতিমধ্যেই শেষ হয়েছে। তাঁর কথায়, বিচারব্যবস্থায় বিষয়টির নিষ্পত্তি হয়ে যাওয়ার পরেও কেন একই প্রসঙ্গ নিয়ে আলোচনা চলছে, তা তাঁর বোধগম্য নয়। মালহার জানান, তিনি কারও নাম নিতে চান না। তবে যাঁরা এই বিষয়টি নিয়ে বারংবার চর্চা করছেন, তাঁদের মঙ্গল কামনা করেছেন তিনি।
তনুশ্রী প্রশ্ন তোলেন, নানার মৃত্যুর পর কেন কোনও প্রার্থনাসভা আয়োজন করা হয়নি এবং কেন চলচ্চিত্র জগতের সদস্য ও সংবাদমাধ্যমকে শেষ শ্রদ্ধা জানানোর সুযোগ দেওয়া হয়নি। এমনকী, নানা নিজের মৃত্যুর খবর সাজিয়েছেন বলেও দাবি করেন তিনি। তাঁর বক্তব্য, অভিনেতা যদি নিজের চেহারা বদলে আত্মগোপন করে থাকেন, তা হলে ডিএনএ পরীক্ষার মাধ্যমে বিষয়টি যাচাই করা যেতে পারে।
এর আগেও নানার মৃত্যু নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন তনুশ্রী। অভিনেতার মৃত্যুতে নিজের দীর্ঘদিনের যন্ত্রণা শেষ হয়েছে বলে মন্তব্য করেন তিনি। তাঁর বক্তব্য ঘিরে সমালোচনা শুরু হলে, নিজের অবস্থান ব্যাখ্যা করে একটি ভিডিয়ো প্রকাশ করেন অভিনেত্রী। তাঁর যুক্তি ছিল, কোনও ব্যক্তির মৃত্যু অতীতে ঘটে যাওয়া বলে তাঁর দাবি করা অন্যায়ের গুরুত্ব মুছে দিতে পারে না।
