কক্সবাজারের উখিয়ার পাটুয়ারটেকে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডে ১০ জন নিহতের ঘটনায় শনিবার (১৭ অক্টোবর) দিনগত রাতে পুলিশ বাদী হয়ে মামলা করেছে। এ ঘটনায় রিসোর্টের মালিক তানভীর সুলতানকে প্রধান আসামি করা হয়েছে। মামলায় রিসোর্টের ম্যানেজার মোহাম্মদ সুমনকেও আসামি করা হয়েছে।
আজ রোববার (১৮ অক্টোবর) সকালে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, রিসোর্টের ম্যানেজার মোহাম্মদ সুমনকে শনিবার বিকেল ঘটনাস্থল থেকে আটক করা হয়। পরে তাকে থানায় নেওয়া হয়। এ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
এদিকে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার হওয়া মরদেহ, নিখোঁজ ব্যক্তি এবং পরিচয় শনাক্তের বিষয়ে কোনো ধরনের বিভ্রান্তি এড়াতে ডিএনএ পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে। পরীক্ষার ফলাফল পাওয়ার পর পরিচয় নিশ্চিত করে মরদেহ হস্তান্তরের পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। নিহতের স্বজন যারা ঢাকায় চলে গেছে ঢাকার সিআইডি অফিসে তাদের ডিএনএ স্যাম্পল নেওয়া হবে। অপরদিকে কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রাখা মরদেহের ডিএনএ স্যাম্পল সংগ্রহ করে ঢাকা সিআইডি অফিসে পাঠিয়ে দেওয়া হবে।
ডিএনএ পরীক্ষার পর মরদেহ শনাক্ত হতে দুই থেকে তিন সপ্তাহ লাগতে পারে বলে কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুবক্তগীন মাহমুদ জানিয়েছেন।
জেলা প্রশাসন এ ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে তদন্ত কমিটিকে রিপোর্ট দিতে বলা হয়েছে।
উল্লেখ্য, গতকাল শনিবার সকালে কক্সবাজারের উখিয়ার ইনানী পাটুয়ারটেক এলাকায় টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় অগ্নিকাণ্ড হয়। সকাল ৭টা ২৫ মিনিটে রিসোর্টটিতে আগুন লাগার খবর পায় নিয়ন্ত্রণ কক্ষ। খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সকাল ৮টা থেকে আগুন নেভানোর কাজ শুরু করে ফায়ার সার্ভিসের সদস্যরা। পরবর্তীতে সকাল ৮টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
