নিজস্ব প্রতিবেদক · ২১ অক্টোবর, ২০২৬ ৩:১০ অপরাহ্ন
সিলেটের কানাইঘাট সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১০৭ বোতল ভারতীয় মদ, একটি পিকআপসহ প্রায় ২২ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২১ অক্টোবর) জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এসব অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট সেক্টরের অধীন জকিগঞ্জ ব্যাটালিয়নের সুরাইঘাট বিওপির একটি বিশেষ টহল দল কানাইঘাট উপজেলার ছারীগাছা এলাকায় অভিযান চালায়। সীমান্ত থেকে প্রায় দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পরিচালিত এ অভিযানে মালিকবিহীন অবস্থায় ১০৭ বোতল ভারতীয় মদ ও একটি পিকআপ জব্দ করা হয়। এসব মালামালের সিজারমূল্য ২১ লাখ ৬০ হাজার ৫০০ টাকা।
এ ছাড়া বুধবার রাতে কানাইঘাট উপজেলার সুরাইঘাট ও লোভাছড়া বিওপির পৃথক টহল দল সীমান্ত এলাকায় অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ৪০০ কেজি বাংলাদেশি রসুন ও পান জব্দ করা হয়। এসব পণ্যের সিজারমূল্য ৩৪ হাজার টাকা।
দুটি অভিযানে জব্দ করা সব মালামালের মোট সিজারমূল্য ২১ লাখ ৯৪ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার বলেন, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা তৎপরতা ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। এর অংশ হিসেবেই এসব অভিযান পরিচালনা করা হয়েছে।
তিনি আরও জানান, জব্দ করা মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে এবং অন্যান্য মালামাল কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
গুগলে আমাদের খবর পেতে
