খুলনা জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ অভিযানে ১৯১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে একটি পিস্তল, ম্যাগাজিন, কার্তুজ এবং বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
রোববার (১২ অক্টোবর) খুলনা জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ অক্টোবর থেকে জেলার বিভিন্ন থানা এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৬টি এবং অস্ত্র আইনে একটিসহ মোট ১৭টি মামলা দায়ের করা হয়েছে।
অভিযানে উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে ১ কেজি ৮৬৫ গ্রাম গাঁজা, ২০ লিটার মদ, ৬৫৬টি ইয়াবা ট্যাবলেট এবং একটি পিস্তলসহ একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড কার্তুজ।
জেলা পুলিশ জানিয়েছে, অপরাধ দমন, মাদকের বিস্তার রোধ এবং অবৈধ অস্ত্র উদ্ধারের মাধ্যমে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রাখতে এই ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
