ভারতের রাজধানী দিল্লিতে রেড অ্যালার্ট জারি করেছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। প্রতি ঘণ্টায় ১৫ মিলিমিটারের বেশি ভারী বৃষ্টি এবং ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে তীব্র ঝড়ের পূর্বাভাসও দেয়া হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) স্থানীয় সময় ভোর ৬টায় এই সতর্কতা জারি করা হয়।
দিল্লি-এনসিআর জুড়ে বৃষ্টির এই প্রভাব দেখা গেছে নয়ডা, গুরুগ্রাম এবং গাজিয়াবাদেও। এর মধ্যে দিল্লির করোলবাগ এলাকার ঝান্ডেওয়ালা মন্দিরের কাছে ভারী বৃষ্টির কারণে জলাবদ্ধতা তৈরি হয়েছে। সকালের ব্যস্ত সময়ে এই বৃষ্টির ফলে পুরো এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটার শঙ্কা দেখা দিয়েছে।
সকালের এই বৃষ্টির পরে আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী ছয় দিন দিল্লিতে আকাশ আংশিক মেঘলা থাকবে। তবে খুব একটা বৃষ্টির সম্ভাবনা নেই। এই দিনগুলোতে সর্বোচ্চ তাপমাত্রা ৩১ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে।
রোববার (১১ অক্টোবর) সন্ধ্যায় প্রকাশিত আবহাওয়া দপ্তরের সাত দিনের পূর্বাভাস অনুযায়ী, আগামী ১৩ অক্টোবর সর্বোচ্চ তাপমাত্রা ৩২ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৩ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে।
১৪ অক্টোবর সর্বোচ্চ তাপমাত্রা বেড়ে ৩৩ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে, যেখানে সর্বনিম্ন তাপমাত্রা ২৩ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। ১৫ অক্টোবর সর্বোচ্চ তাপমাত্রা ৩১ থেকে ৩৩ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৩ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে।
এ ছাড়া ১৬ ও ১৭ অক্টোবর সর্বোচ্চ তাপমাত্রা ৩২ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এবং উভয় দিনেই সর্বনিম্ন তাপমাত্রা ২২ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। এই পুরো সময়ে আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।
সূত্র: হিন্দুস্তান টাইমস
