আজকাল ওয়েবডেস্ক: আজবকাণ্ড। অ্যাম্বুলান্সে করে এসে নাইটি পরা অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (এসবিআই) একটি এটিএম ভাঙচুর করল, তারপর নগদ টাকা নিয়ে পালিয়ে গেল। ঘটনাটি তেলেঙ্গানার কামারেড্ডি জেলায় কামারেড্ডি-বানসওয়াদা প্রধান সড়কের পাশে অবস্থিত গান্ধারি মণ্ডল সদর দপ্তরে ১১ অক্টোবর রাত ১টা থেকে ১টা ৩০ মধ্যে।
অভিযুক্তরা এটিএম-এর ভেতর থাকা নগদ টাকা হাতিয়ে নিয়েই ক্ষান্ত হয়নি, এটিএম মেশিনটিও ভাঙচুর করেছে। সিসিটিভি ফুটেজে পুরো ঘটনাটি ধরা পড়েছে। সন্দেহভাজনদের শনাক্ত করতে এবং ঘটনার ক্রমপর্যায় বোঝার জন্য পুলিশ ওই ফুটেজ খতিয়ে দেখছে।
চুরির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। ফরেনসিক বা 'ক্লু' টিমও ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় প্রমাণ সংগ্রহ করেছে।
এটিএম থেকে ঠিক কত টাকা চুরি হয়েছে, তা এখনও নিশ্চিত করে কিছু জানানো হয়নি। পুলিশ ঘটনার পারিপার্শ্বিক পরিস্থিতি খতিয়ে দেখছে এবং এর সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।
