গেজেট প্রতিবেদন অক্টোবর ১৯, ২০২৬ ১১:৪৭ অপরাহ্ণ
ধর্ম-বর্ণ নির্বিশেষে সুন্দর ও নিরাপদ বাংলাদেশ গড়াই বিএনপি’র মূল লক্ষ্য বলে মন্তব্য করেছেন খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু। তিনি বলেছেন, বাংলাদেশ সব ধর্মের মানুষের নিরাপদ বাসভূমি। দীর্ঘকাল ধরে এ দেশের সকল সম্প্রদায়ের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে শান্তিতে বসবাস করছি। সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা কেবল একটি ধর্মীয় উৎসব নয়, এটি আমাদের সার্বজনীন সম্প্রীতির প্রতীক। এই সম্প্রীতি বিনষ্টের যেকোনো ষড়যন্ত্র মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার কঠোর হস্তে দমন করবে।
সোমবার (১৯ অক্টোবর) দিনব্যাপী বটিয়াঘাটা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পরিদর্শনকালে জেলা বিএনপির আহ্বায়ক মণ্ডপ পরিচালনা কমিটি ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের খোঁজখবর নেন এবং তাদের সাথে কুশল বিনিময় করেন। উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে যেন পূজা অনুষ্ঠিত হতে পারে, সে জন্য দলের সর্বস্তরের নেতাকর্মীদের সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দেন তিনি।
পরিদর্শনকালে আরও বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন বটিয়াঘাটা উপজেলা বিএনপি’র আহবায়ক এজাজুর রহমান শামীম ও সদস্য সচিব খন্দকার ফারুক হোসেন, বিএনপি নেতা রুহুল মুমিন লিটন, আশিকুজ্জামান আশিক, ব্রজেন ঢালী, জেলা ছাত্রদলের সদস্য সচিব ইসমাইল হোসেন খান ও ছাত্রদল নেতা বায়েজিদ হোসেন প্রমুখ।
খুলনা গেজেট/এএজে
