মেহেদী হাসান, রাঙামাটি প্রতিনিধি :
রাঙামাটি শহরের আসামবস্তি–তবলছড়ি সড়কের বিভিন্ন স্থানে ছোট ছোট গর্ত ও খানাখন্দের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা। সড়কটি দ্রুত সংস্কারের দাবিতে বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত প্রায় দেড় ঘণ্টা অবরোধ করেন সিএনজিচালক ও স্থানীয় বাসিন্দারা।
স্থানীয়দের অভিযোগ, সড়কের বিভিন্ন অংশে গর্ত থাকায় ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে যানবাহন ও পথচারীদের। বিশেষ করে রাঙামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়-সংলগ্ন এলাকা থেকে স্বর্ণটিলা কবরস্থান পর্যন্ত এবং আসামবস্তি নিম্ন মাধ্যমিক উচ্চ বিদ্যালয় থেকে প্রাণিসম্পদ অধিদপ্তর পর্যন্ত সড়কের অবস্থা বেশি নাজুক।
অবরোধে অংশ নেওয়া চালক ও এলাকাবাসী জানান, প্রতিদিন এ সড়ক দিয়ে স্কুল-কলেজের শিক্ষার্থী, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, রোগী, পর্যটকসহ অসংখ্য মানুষ যাতায়াত করেন। অথচ সড়কের গর্তগুলো মেরামত না করায় দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। দ্রুত সংস্কার করা না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলেও আশঙ্কা তাঁদের।
এ সময় নজরুল ইসলাম রাজিব বলেন, সড়কের ছোট ছোট গর্ত যেকোনো সময় বড় দুর্ঘটনার কারণ হতে পারে। তাই জনদুর্ভোগ কমাতে দ্রুত সড়ক সংস্কার করে নিরাপদ চলাচল নিশ্চিত করতে হবে।
অবরোধকারীদের দাবি, গুরুত্বপূর্ণ এ সড়কের ক্ষতিগ্রস্ত অংশগুলো দ্রুত মেরামত করে যানবাহন ও পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে হবে। শুধু আশ্বাস নয়, সড়ক সংস্কারে কার্যকর উদ্যোগ দেখতে চান তাঁরা।
দুর্ভোগ কমাতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন চালক ও এলাকাবাসী।
The post রাঙামাটি আসামবস্তি তবলছড়ি সড়ক সংস্কারের দাবিতে অবরোধ। appeared first on Ctgtimes.com.
