বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের বহির্বিভাগের একটি কক্ষে এয়ার কন্ডিশনার (এসি) বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে চক্ষু অপারেশন থিয়েটারে থাকা বিভিন্ন সরঞ্জাম পুড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত খবর পাওয়া যায়নি।
গতকাল রোববার রাতে হাসপাতালের বহির্বিভাগের একটি কক্ষের চক্ষু অপারেশন থিয়েটারে এ অগ্নিকাণ্ড ঘটে।
হাসপাতাল সূত্রে জানা যায়, এসি বিস্ফোরণের পর কক্ষটিতে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় চক্ষু অপারেশনের কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম আগুনে পুড়ে যায়। পরে হাসপাতালের কর্মীরা অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে চক্ষু অপারেশনের কাজে ব্যবহৃত বেশকিছু গুরুত্বপূর্ণ চিকিৎসা সরঞ্জাম ও সামগ্রী পুড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বগুড়া ফায়ার সার্ভিসের সদস্যরা।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বলেন, হাসপাতালের চক্ষু বিভাগের অপারেশন থিয়েটারে আগুন লেগে কিছু সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে। সময়মতো আগুন নিয়ন্ত্রণে আনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
