বিরতি কাটিয়ে আবারও সিনেমার গানে ফিরলেন জনপ্রিয় সংগীতশিল্পী মনির খান। কণ্ঠ দিলেন ‘আলো’ সিনেমার একটি গানে। এর কথা লিখেছেন গীতিকার কবির বকুল। সিনেমাটি নির্মাণ করছেন মেহেদী হাসান।
গেল বুধবার রাতে রাজধানীর মগবাজারের তানপুরা রেকর্ডিং স্টুডিওতে গানটির রেকর্ডিং করেন মনির খান। দীর্ঘ বিরতির পর সিনেমার গানে ফিরতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এই শিল্পী।
মনির খান বলেন, ‘বেশ অনেক দিন পর সিনেমার গান গাইলাম। আমার কাছে ভীষণ ভালো লেগেছে।’
মনির খানের কণ্ঠে অসংখ্য জনপ্রিয় গান শ্রোতাদের মনে জায়গা করে নিয়েছে। আধুনিক গানের পাশাপাশি সিনেমার গানেও রয়েছে তার পরিচিতি। দীর্ঘ বিরতির পর নতুন সিনেমার গানে তার অংশগ্রহণ সংগীতপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি করেছে।
‘আলো’ সিনেমার গানটি নিয়ে সংশ্লিষ্টদের প্রত্যাশা, মনির খানের কণ্ঠ ও কবির বকুলের কথার সমন্বয়ে গানটি শ্রোতাদের ভালো লাগবে। তবে গানটি কবে প্রকাশ হবে- সে বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।
