বার্ধক্য, অসুস্থতাকে সঙ্গী করেই চুরাশিতে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন কিংবদন্তি সত্যজিতের রায়ের নায়িকা মাধবী মুখোপাধ্যায়।
অন্যতম বা গুরুত্বপূর্ণ চরিত্রে নয়, আনন্দবাজার জানিয়েছে পরিচালক শ্যামল বসুর নতুন সিনেমা ‘দূরত্ব’-এ কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন তিনি।
বর্ষীয়ান অভিনেত্রীকে শেষ দেখা গিয়েছিল ‘বরুণবাবুর বন্ধু’ সিনেমার। ২০১৯ সালে মুক্তি পাওয়া যে সিনেমার মূল চরিত্রের অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় এবং পরিচালক অনীক দত্ত দুজনেই প্রয়াত হয়েছে।
গেল সাত বছরের বেশ কয়েকবার অসুস্থ হয়েছেন মাধবী মুখোপাধ্যায়, যেতে হয়েছে হাসপাতাল পর্যন্ত। কিন্তু দমে যাননি পশ্চিমবঙ্গের অভিনেত্রী।
ইতিমধ্যেই কলকাতার বাইপাস সংলগ্ন এলাকায় হয়েছে সিনেমার শুটিং।
চিত্রনাট্য আর্বতিত হয়েচে মা-মেয়ের সম্পর্ক ঘিরে। সময়ের সঙ্গে বদলে যাওয়া পারিবারিক সমীকরণ, কর্মব্যস্ত জীবনে প্রিয়জনদের জন্য সময়ের অভাব এবং সেই সূত্রে তৈরি হওয়া মানসিক দূরত্ব— এই আবহেই এগিয়েছে সিনেমার কাহিনী।
নিজের চরিত্র সম্পর্কে মাধবী মুখোপাধ্যায় বলেন, তিনি এমন এক মায়ের ভূমিকায় অভিনয় করছেন, যার জীবনের বড় অংশ জুড়ে রয়েছে সন্তানের জন্য অপেক্ষা। সন্তান বড় হয়ে নিজের সংসার ও কাজের ব্যস্ততায় ডুবে যাওয়ার পর বাবা–মায়েরা যে নিঃসঙ্গতার মুখোমুখি হন, সেই পরিচিত বাস্তবকেই তুলে ধরা হয়েছে সিনেমার গল্পে।।
তার কথায়, এটি এমন একটি গল্প, যার সঙ্গে অনেক পরিবারেরই মিল খুঁজে পাওয়া যাবে।
শুটিংয়ের ফাঁকে হালের বাংলা চলচ্চিত্র নিয়ে প্রশ্ন করা হয় অভিনেত্রীকে।
তিনি বলেন, “নতুন প্রজন্মকে একটু সাহিত্য পড়তে বলব। আগে তো সাহিত্যনির্ভর কাহিনী হত। তাই বর্তমান যুগের পরিচালকদের সাহিত্য পড়তে বলব।”
মাধাবীর মেয়ের চরিত্রে রয়েছেন অভিনেত্রী সঙ্গীতা দাস। তার মতে, গল্পে মা–মেয়ের সম্পর্কের টানাপড়েন থাকলেও তা অবহেলার নয়। বরং বর্তমান সময়ের ব্যস্ত জীবনই দুই প্রজন্মের মধ্যে অদৃশ্য দূরত্ব তৈরি করে। সেই দূরত্ব কী ভাবে কমে, তা-ই ছবির অন্যতম আকর্ষণ।
সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন দীপঙ্কর দে, তিনিও সত্যজিৎ রায়ের একাধিক সিনেমায় কাজ করেছেন।
পর্দায় তিনি মাধবীর প্রতিবেশীর ভূমিকায় আসছেন। বয়সের শেষ পর্বে দুই মানুষের আন্তরিক বন্ধুত্ব, একে অপরের কাছে নির্ভরতার জায়গা হয়ে ওঠা এবং নিঃসঙ্গতার মধ্যে মানবিক সম্পর্কের উষ্ণতা— সিনেমার আর একটি গুরুত্বপূর্ণ স্তর হয়ে উঠবে এই সম্পর্ক।
অনেক দিন পর পরিচালনায় ফিরছেন শ্যামল বসুও।
তিনি বলেন, “সম্পর্কের সূক্ষ্ম টানাপড়েন এবং মানসিক আবেগকে প্রাধান্য দিয়েই তৈরি হচ্ছে ‘দূরত্ব’।”
সিনেমাটি কবে মুক্তি পাবে, সে বিষয়ে এখনও নির্মাতাদের তরফে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।
