জার্মানির শিল্পখাতে এআই এর ব্যবহার ব্যাপকভাবে বৃদ্ধি করতে মার্কিন চিপ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এনভিডিয়ার সঙ্গে একটি বড় ধরনের চুক্তি করতে যাচ্ছে দেশটির সরকার। শুক্রবার সরকারের উচ্চপর্যায়ের সূত্রের বরাতে করা আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, এই সপ্তাহে সমঝোতা চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হতে পারে। সরকারি সূত্র রয়টার্সকে আরও জানায়, এআই প্রযুক্তিকে জার্মানির শিল্পখাতে আরও আধুনিক ও কার্যকর করে তোলাই এই চুক্তির মূল উদ্দেশ্য। এতে এনভিডিয়া ছাড়াও আরও বেশ কিছু প্রযুক্তি ও শিল্পভিত্তিক অংশীদার যুক্ত থাকবে, যা দেশটির শিল্পখাতের কৃত্রিম বুদ্ধিমত্তা বিকাশে বিশেষ ভূমিকা রাখবে।
জার্মানির শীর্ষস্থানীয় ব্যবসা-বাণিজ্যভিত্তিক দৈনিক ‘হ্যান্ডেলসব্ল্যাট’-এর বরাতে রয়টার্স আরও জানায়, এই চুক্তির আওতায় মূলত ‘ফিজিক্যাল এআই’ প্রযুক্তির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। এটি রোবটিক্স, চালকবিহীন যানবাহন এবং ভারী শিল্পকারখানায় ব্যবহারের জন্য শক্তিশালী এআই মডেল তৈরিতে সহায়তা করবে।
বিশেষজ্ঞদের মতে, জার্মানির অটোমোবাইল ও ম্যানুফ্যাকচারিং খাতকে বৈশ্বিক কৃত্রিম বুদ্ধিমত্তার দৌড়ে আরও এক ধাপ এগিয়ে নিতে এই অংশীদারিত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
