শিক্ষা, নীতি-নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধের আলো ছড়িয়ে গৌরবময় পথচলার ৫০ বছর পূর্তি উপলক্ষে বাগেরহাটের রামপালের ফয়লাহাট আছিয়া কারামতিয়া আলিম মাদ্রাসায় বর্ণাঢ্য আয়োজনে সুবর্ণজয়ন্তী ও মিলনমেলা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) সকাল ১১টায় বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে দিনব্যাপী এ উৎসবের আনুষ্ঠানিক সূচনা হয়। র্যালিটি মাদ্রাসা প্রাঙ্গণ প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়। এতে প্রতিষ্ঠানের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ শরীফ আব্দুল কাদেরের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে মূল আলোচনা পর্ব শুরু হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না ফেরদৌসী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম, এমপি। তিনি বলেন, জোর করে কারও ধর্ম পরিবর্তন করা বা কাউকে ধর্মান্তরে বাধ্য করা যায় না। মহানবী (সা.) তাঁর উত্তম আখলাক, গুণাবলি ও সুন্দর কর্মকাণ্ডের মাধ্যমে মানুষকে ইসলামের প্রতি অনুপ্রাণিত করেছেন। আলেম-ওলামাদেরও উচিত ভালো ভাষা শেখা ও দক্ষতা অর্জনের পাশাপাশি সুচরিত্র ও উত্তম আখলাকের মাধ্যমে বিশ্বদরবারে ইসলামের শান্তির বার্তা তুলে ধরা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর (প্রশাসন) গাজী মোনাওয়ার হুসাইন তামীম। অতীতের সরকার ও বর্তমান সরকারের কর্মপদ্ধতির তুলনামূলক প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, “আমরা যদি সত্য কথা বলতে চাই, সরকারের মধ্যে ভালো-মন্দ থাকতে পারে; কিন্তু ব্যক্তি মানুষের কথা বলতে গেলে আগের প্রধানমন্ত্রী ব্যক্তি হিসেবে কেমন আর বর্তমান প্রধানমন্ত্রী ব্যক্তি হিসেবে কেমন—এতেই আমাদের পার্থক্যটা আলাদা হয়ে যায়।”
এ ছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তফা কামাল পাটোয়ারীসহ আমন্ত্রিত অতিথিরা।
