উৎসবমুডে বাঙালি! মহালয়ার পর থেকে শুরু প্যান্ডেলহপিং। শহর থেকে শহরতলি, সর্বত্রই ভিড় পুজোপ্রেমীদের। আর সেই ভিড়ের মধ্যে ছদ্মবেশে ঘুরে বেড়াতেন দুই যুবক! পরনে একেবারে সাধারণ পোশাক, পিঠে ব্যাগ আর মুখে মাস্ক! হঠাৎ করে দেখলে কারোর বোঝার উপায় নেই যে সাধারণ মানুষের আড়ালে লুকিয়ে অপরাধের প্রবণতা! অভিযোগ, সুযোগ বুঝেই ওই দুই যুবক বাইক ছিনতাই করে চম্পট দিত। সম্প্রতি দুর্গাপুর স্টেশন বাজারে একের পর এক বাইক চুরির ঘটনার তদন্তে নেমে এই দুই যুবকের খোঁজ সামনে আসে। সিসিটিভি ফুটেজে পরীক্ষা করে এই দুজনের খোঁজ পান তদন্তকারীরা। এরপরেই কোকওভেন থানার পুলিশ দুই যুবককে গ্রেপ্তার করে। উদ্ধার হয়েছে চুরি যাওয়া বাইকও।
ধৃতদের নাম অজয় রাম ও দেব চৌহান। ধৃতদের পুলিশি হেফাজতে নিয়ে এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তার তদন্ত চালানো হবে বলে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে।
পুজোর সময় শহরের বাজারগুলিতে কেনাকাটার জন্য মানুষের ভিড় উপচে পড়ে। অভিযোগ, সেই ভিড়ের সুযোগ নিয়েই বাইক চুরির ঘটনা ঘটাত ওই দুই যুবক। জানা যায়, দুর্গাপুরের কোকওভেন থানার বিদ্যাসাগর পল্লির বাসিন্দা বিপুল বিশ্বাসের বাইক চুরি যায় দুর্গাপুর স্টেশন বাজার এলাকা থেকে। পুজোর মরশুমে এমন ঘটনায় কার্যত মাথায় হাত পড়ে তাঁর। অনেক খোঁজাখুঁজির পরেও বাইকের হদিস না পেয়ে শেষ পর্যন্ত কোকওভেন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগ পাওয়ার পরেই নড়েচড়ে বসে পুলিশ। চুরি যাওয়া বাইকের সন্ধানে তদন্ত শুরু করে পুলিশ। স্টেশন বাজার ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা শুরু হয়। কোথা থেকে বাইকটি চুরি করা হয়েছিল, কারা ওই এলাকায় ঘোরাঘুরি করছিল এবং চুরির পর কোন পথে পালিয়ে যায় অভিযুক্তরা, সেই সমস্ত বিষয় খতিয়ে দেখেন পুলিশ আধিকারিকরা।
সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে গিয়েই দুই যুবকের গতিবিধি পুলিশের নজরে আসে। তদন্তে উঠে আসে, মুখে মাস্ক, পরনে সাধারণ পোশাক আর পিঠে ব্যাগ নিয়ে জনবহুল এলাকায় ঘুরে বেড়াত ওই দুই যুবক। সাধারণ মানুষের ভিড়ে মিশে থাকায় সহজে তাঁদের সন্দেহ করার উপায় ছিল না। কিন্তু সুযোগ বুঝেই বাইক নিয়ে চম্পট দেওয়ার অভিযোগ ওঠে ধৃতদের বিরুদ্ধে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্গাপুরের পিসিবিএল কলোনিতে চুরি করা বাইকটি রেখে কাঁকসার পানাগড়ে গা ঢাকা দিয়েছিল ওই দুই যুবক। অর্থাৎ, বাইক চুরির পর সেটিকে অন্যত্র রেখে ধৃত দুজনের পালানোর ছক ছিল বলে প্রাথমিক ধারনা পুলিশের। যদিও বুধবার রাতে পানাগড় এলাকা থেকে দুই যুবককে গ্রেপ্তার করা হয়। ধৃতদের নাম অজয় রাম ও দেব চৌহান। ধৃতদের পুলিশি হেফাজতে নিয়ে এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তার তদন্ত চালানো হবে বলে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে।
