সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে ২৭ লক্ষ টাকার চোরাচালানী মালামাল জব্দ করেছে সিলেট সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। বৃহস্পতিবার (২২ অক্টোবর) গোপন সংবাদের ভিক্তিতে অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়।
বৃহস্পতিবার দুপুরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব জানিয়েছেন সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)'র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট সীমান্তবর্তী এলাকায় কালাসাদেক, প্রতাপপুর, দমদমিয়া, সোনারহাট, বিছনাকান্দি, নোয়াকোট, সংগ্রাম বিওপি কর্তৃক চোরাচালানী অভিযান পরিচালনা করে ভারতীয় মদ, গরু, ফল, কম্বল, কসমেটিকস, সবজি, চকলেট, বাসমতি চাল, আলু, জুস, দুধ, বিছানার চাদর, ফুচকা, মধু, বিস্কুট, বিড়ি, চা-পাতা এবং বাংলাদেশ হতে পাচারকালে বাংলাদেশী লেডিস সোয়েটার আটক করতে সক্ষম হয়।
আটককৃত চোরাচালানী মালামালের আনুমানিক *সিজার মূল্য ২৭ লক্ষ ৩৪ হাজার ০৯ শত ৫৯ টাকা*।
এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)'র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমানে এ সকল চোরাচালানী মালামাল আটক করা হয়।
তিনি আরও জানান, আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
