কালবেলা · খেলাধুলা
সাবেক ক্লাবের বিরুদ্ধে গোলের পর উদযাপন করলেন না দিওমান্দে
২২/১০/২০২৬

আরবি লাইপজিগের বিরুদ্ধে ৪-১ ব্যবধানের দুর্দান্ত জয়ের পর ইয়ান দিওমান্দের আনন্দিত হওয়ার যথেষ্ট কারণ ছিল। বদলি হিসেবে মাঠে নেমে নিজের সাবেক ক্লাবের বিপক্ষে শেষ মুহূর্তে এক দর্শনীয় ভলিতে রিয়াল মাদ্রিদের বড় জয় সুনিশ্চিত করেন এই ফরাসি ফরোয়ার্ড। কিন্তু গোলের পর লাইপজিগ সমর্থকদের কাছে ক্ষমাই চাইলেন ইয়ান।
ম্যাচ শেষে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে দিওমান্দে বলেন, সব সময়ই জয় পাওয়াটা গুরুত্বপূর্ণ। এটিই আমাদের মূল লক্ষ্য ছিল এবং আজ রাতে আমরা তা অর্জন করতে পেরেছি।
নিজের গোলটি নিয়ে তিনি বলেন, অবশ্যই গোলটি করা খুব সহজ ছিল না, তবে দেখতে খুব সুন্দর লেগেছে। সবকিছু আমার পক্ষে গেছে। আমাকে সিদ্ধান্ত নিতে হতো- বলটি কি নিয়ন্ত্রণে নিয়ে শট নেব নাকি সরাসরি ভলি করব। আমি আনন্দিত যে ভলি করার সিদ্ধান্তটি নিখুঁতভাবে কাজে লেগেছে।
সাবেক সতীর্থদের মুখোমুখি হওয়া কোনো অস্বস্তিকর বিষয় নয়, বরং বেশ উপভোগ্য ছিল উল্লেখ করে তিনি বলেন, সাবেক সতীর্থদের বিপক্ষে খেলা মোটেও অদ্ভুত কিছু ছিল না। সত্যি বলতে, বেশ মজাই লেগেছে। সবাই আমার সঙ্গে খুব ভালো ব্যবহার করেছে। আমি যখন সেখানে ছিলাম, তখন দলের সবচেয়ে ছোট ছিলাম। আজ রাতে তাদের আবার দেখতে পেয়ে সত্যিই খুব ভালো লেগেছে।
লাইপজিগ অধ্যায় পেছনে ফেলে এবার ক্লাসিকোর বড় মঞ্চে মনোযোগ দিচ্ছেন দিওমান্দে। আগামী ম্যাচে বার্সেলোনা ক্লাসিকোতে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ।
আসন্ন বড় ম্যাচটি নিয়ে রোমাঞ্চ প্রকাশ করে তিনি যোগ করেন, এল ক্লাসিকো দারুণ রোমাঞ্চকর এক লড়াই। ছোটবেলায় আমি টিভিতে এই ম্যাচগুলো দেখতাম। এবার রোববারের ম্যাচে নিজে ভূমিকা রাখতে মুখিয়ে আছি।
মূল প্রতিবেদনে যান ↗