শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের উপকূলীয় অঞ্চলের ধর্মীয় উপাসনালয়, গুরুত্বপূর্ণ স্থাপনা ও সর্বসাধারণের জানমাল রক্ষায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে কোস্ট গার্ড পশ্চিম জোন। পূজার শুরু থেকেই উপকূলীয় এলাকায় নিয়োজিত রয়েছে বাংলাদেশ কোস্ট গার্ডের সাড়ে তিন হাজার সদস্য।
মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬) বিকেলে মোংলা উপজেলা কেন্দ্রীয় মন্দির পরিদর্শনে গিয়ে এ তথ্য জানান বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল মো. মঈনুল হাসান।
পরিদর্শনকালে কোস্ট গার্ড মহাপরিচালক বলেন, ‘বাংলাদেশ কোস্ট গার্ড দেশের উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকার সার্বিক নিরাপত্তা রক্ষা এবং সরকারের নির্দেশনা মোতাবেক বিভিন্ন জাতীয় ও ধর্মীয় উৎসবে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। এরই ধারাবাহিকতায় কোস্ট গার্ডের আওতাধীন এলাকায় হিন্দু ধর্মাবলম্বীদের এই মহাউৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তা বজায় রাখতে ৩ হাজার ৫০০ সদস্য নিয়োজিত রয়েছে।’
তিনি আরও জানান, কোস্ট গার্ড পশ্চিম জোনের আওতাধীন খুলনা, বাগেরহাট এবং সাতক্ষীরা জেলার উপকূলীয় এলাকার মোট ১৪৪টি মন্দির ও পূজা মণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে বাহিনীটি। সনাতন ধর্মাবলম্বীরা যেন উৎসবমুখর পরিবেশে পূজা উদ্যাপন করতে পারেন, সেজন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধির পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যৌথভাবে কার্যক্রম পরিচালিত হচ্ছে।
প্রতিমা বিসর্জন প্রসঙ্গে কোস্ট গার্ড প্রধান বলেন, ‘আগামীকাল প্রতিমা বিসর্জনের সময়ে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানাচ্ছি। সম্ভাব্য দুর্ঘটনা মোকাবিলায় বিসর্জনের স্থানগুলোতে আমাদের বিশেষ ডুবুরি দল উপস্থিত থাকবে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতিতে দ্রুত সহায়তার জন্য কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। আশা করছি, আগামীকাল প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে এবারের শারদীয় দুর্গাপূজার সফল সমাপ্তি ঘটবে।’
আজকালের খবর/কাওছার আল হাবীব
